চুয়াডাঙ্গায় বিনম্র শ্রদ্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার (৫ আগস্ট) সকালে জেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষ। দিবসটি উদযাপন উপলক্ষে জেলাজুড়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
দিবসের সূচনায় চুয়াডাঙ্গা বড়বাজার সংলগ্ন শহিদ হাসান চত্বরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সময়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ শাহরিয়ার কবির শুভ এবং আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মাসুদ রানার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
পরবর্তীতে চুয়াডাঙ্গা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, জেলা পরিষদ প্রশাসক শরীফুজ্জামান শরীফ এবং পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি চৌকস দল শহীদদের স্মৃতিতে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে।
প্রশাসনের পর পর্যায়ক্রমে জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, স্বাস্থ্য বিভাগসহ নানা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি ও সর্বস্তরের ছাত্র-জনতা ফুল দিয়ে শহীদদের বীরত্ব স্মরণ করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থীরা স্বৈরাচারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ জুলাই বিপ্লবের আদর্শ ও চেতনা ধারণ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দিবসটির গুরুত্ব রক্ষায় জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী আলোচনা সভা ও বিশেষ দোয়ার ব্যবস্থা রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











