চুয়াডাঙ্গায় ১২শ' বোতল অ্যালকোহলযুক্ত ওষুধসহ আলমডাঙ্গার এক ব্যক্তি গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অ্যালকোহলযুক্ত হোমিওপ্যাথিক ওষুধসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সদর উপজেলার কুশোডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করে সরোজগঞ্জ ক্যাম্পের একটি পুলিশ দল।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামের পাকা সড়কে অবস্থান নেয় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলার কুঠিপাইকপাড়া গ্রামের মো. ফেলু মন্ডলকে (৪০) আটক করা হয়।
আটকের পর তার কাছ থেকে ৩০ মিলিলিটার আয়তনের মোট ১২০০ বোতল অ্যালকোহলযুক্ত হোমিওপ্যাথিক পটেন্সি মেডিসিন উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা কয়েকজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় উদ্ধারকৃত মালামাল জব্দ করে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে (মামলা নম্বর-০৫, তারিখ: ৫ আগস্ট ২০২৬)। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্য পলাতকদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
1
দুক্ষ
0
রাগ
0











