ওবায়দুল কাদেরসহ ৭ জনের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী সপ্তাহে
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি উল্লেখ করেন, উক্ত মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়েছে। আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন। প্রসিকিউশনের প্রত্যাশা, আগামী সপ্তাহের যেকোনো দিন ট্রাইব্যুনাল রায়ের তারিখ নির্ধারণ করবেন।
এর আগে, গত ১৭ আগস্ট ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) ঘোষণা করেন।
মামলার বাকি ছয় আসামি হলেন—আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এই মামলার সাতজন আসামির সবাই বর্তমানে পলাতক রয়েছেন।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ট্রাইব্যুনাল-২ অভিযুক্ত সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের পেশ করা অভিযোগপত্র আমলে নেয় আদালত। মামলাটিতে তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের মোট ২৯ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যার প্রক্রিয়া গত ২ আগস্ট সম্পন্ন হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











