নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৩৩১, জোরালো উদ্ধার অভিযান
নেপালে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৩৩১ জনে। নিখোঁজদের সন্ধানে উপদ্রুত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১,৩৪১ এবং দুপুরে ১,৩৪৪ জন বলে জানানো হলেও পরবর্তীতে তথ্যে সংশোধন আনে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ)। সংস্থাটি শনিবার সন্ধ্যা ৬টার বিজ্ঞপ্তিতে সংশোধিত চিত্র তুলে ধরে ১,৩৩১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। নেপাল পুলিশের বরাত দিয়ে রবিবার ভারতের বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানায়।
উদ্ধার অভিযান ও সুড়ঙ্গে অনুসন্ধান
দুর্যোগের পর থেকে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে ‘আপার ত্রিশূলি-১’ প্রকল্পের টানেলে আটকে পড়া এক চীনা নাগরিককেও জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
ভারতের সহায়তা ও বিশেষজ্ঞ দল
উদ্ধারকাজ ত্বরান্বিত করতে নেপাল সেনাবাহিনীর পাশাপাশি যুক্ত হয়েছে ভারতের বিশেষায়িত উদ্ধারকারী দল। চিলিমে সহ দুর্গম এলাকার টানেলগুলো থেকে জমে থাকা পানি, কাদা ও ভারী ধ্বংসাবশেষ সরানোর কাজ যৌথভাবে পরিচালিত হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নেপাল সরকারের চাহিদানুযায়ী কাঠমান্ডুতে সাতটি বিশেষ বিমানে ৯৫ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। এছাড়া টানেল ও ফরেনসিক বিশেষজ্ঞসহ ৫৪ সদস্যের একটি উদ্ধারকারী দলও পাঠিয়েছে নয়াদিল্লি।
এ প্রসঙ্গে নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব জানান, দুর্গম ভূপ্রকৃতির কারণে ভারী যন্ত্রপাতি পৌঁছাতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে সংযোগ সড়ক দ্রুত নির্মাণ করে উদ্ধারকাজ গতিশীল করার সর্বাত্মক চেষ্টা চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











