হরমুজ প্রণালিতে সেনা পাঠাতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌবাহিনী মোতায়েনের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে দক্ষিণ কোরিয়া। অস্ট্রেলিয়ার গণমাধ্যম এসবিএস-কে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে জানানো হয়, প্রস্তাবিত এই সামরিক মোতায়েনের অংশ হিসেবে একটি লজিস্টিক সহায়তা জাহাজ, পি-৮ সামুদ্রিক টহল বিমান এবং বিস্ফোরক নিষ্ক্রিয়করণে অভিজ্ঞ বিশেষজ্ঞদের একটি বিশেষ দল প্রস্তুত রাখা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বহর কোথায় ঘাঁটি নির্মাণ করবে এবং কোন কোন বন্দর ব্যবহার করবে, তা নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।
এর আগে সিউল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত সমাপ্ত হওয়ার পরই কেবল হরমুজ প্রণালিতে সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হবে। তবে সম্প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ না নেওয়ায় দক্ষিণ কোরিয়ার ভূমিকা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে সিউলের সঙ্গে যৌথ সামরিক মহড়ার ব্যাপ্তিও কমিয়ে আনে ওয়াশিংটন।
তবে হরমুজ প্রণালিতে চূড়ান্তভাবে সেনা পাঠানোর আগে দক্ষিণ কোরিয়াকে বেশ কিছু সাংবিধানিক ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) সিদ্ধান্ত, মন্ত্রিসভার অনুমোদন এবং জাতীয় পরিষদের চূড়ান্ত সম্মতি।
উল্লেখ্য, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালি অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত পয়েন্ট। ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে তা সরাসরি বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার ও সরবরাহ ব্যবস্থার ওপর প্রভাব ফেলে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











