লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করল জার্মানি

০২ সেপ্টেম্বর ২০২৬ - ১১:১৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করল জার্মানি
ছবি : দ্য গার্ডিয়ান ( সংগৃহীত)

জার্মানির লিপজিগ বিমানবন্দরে গত মাসে সংঘটিত ড্রোন হামলার ঘটনায় রাশিয়াকে সরাসরি অভিযুক্ত করেছে বার্লিন। এই হামলাকে ‘বিপ বিপজ্জনক আচরণ’ হিসেবে আখ্যা দিয়ে জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিকল্পিত হাইব্রিড আগ্রাসনের মাধ্যমে ইউরোপজুড়ে বড় ধরনের ক্ষতি সাধনের চেষ্টা চালাচ্ছে মস্কো। আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

​বার্লিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল যৌথভাবে এই অভিযোগ তোলেন। তাদের দাবি, লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পরিকল্পনায় রুশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান ও সরঞ্জাম সরবরাহের সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। পাশাপাশি এই হামলা বাস্তবায়নে নির্দিষ্ট কিছু এজেন্ট নিয়োগ করা হয়েছিল বলেও দাবি করে বার্লিন।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪ আগস্ট লিপজিগ বিমানবন্দরে একটি বিস্ফোরকবাহী ড্রোন উদ্ধার করা হয়। ড্রোনটি ইউক্রেনে সামরিক সরঞ্জাম বহনে ব্যবহৃত একটি ইউক্রেনীয় ‘আন্তোনভ’ কার্গো বিমানের ঠিক কাছেই স্থাপন করা হয়েছিল। সেটি সময়মতো বিস্ফোরিত না হলেও সেখানে অত্যন্ত ভয়াবহ বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছিল বলে সতর্ক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

​এ ঘটনার প্রেক্ষাপটে রাশিয়ার বিরুদ্ধে পরিমিত কিন্তু শক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ভাডেফুল। তিনি বলেন, ‘আমরা সরাসরি কোনো যুদ্ধে লিপ্ত না থাকলেও প্রতিদিন পরিকল্পিত হাইব্রিড যুদ্ধের লক্ষ্যবস্তু হচ্ছি।’ রাশিয়ার এসব পদক্ষেপকে ইউরোপের স্থিতিশীলতা বিনষ্ট, অপতথ্য ছড়ানো, গোপন নাশকতা ও নতুন আগ্রাসন কাঠামোর অংশ বলে মন্তব্য করেন তিনি।

​এদিকে এই ঘটনার পর জার্মানির প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অন্যদিকে ন্যাটো জোট বার্লিনকে তাদের সুরক্ষার পুনর্ব্যক্ত আশ্বাস প্রদান করেছে। জার্মানির পদক্ষেপ ও ইউরোপীয় ইউনিয়নের নতুন প্রস্তাবিত নিষেধাজ্ঞার উদ্যোগকে সমর্থন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ইউরোপে প্রতিনিয়ত বাড়তে থাকা এ ধরনের হাইব্রিড হামলার কঠোর জবাব দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সুত্র: দ্য গার্ডিয়ান

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0