ইরানে ফের মার্কিন বিমান হামলা, আরও কঠোর জবাবের হুমকি ডোনাল্ড ট্রাম্পের
হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর ওপর আক্রমণের চেষ্টার জবাবে ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই সামরিক অভিযান শুরু হয় বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেনটকম) নিশ্চিত করেছে।
সেনটকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, ভারতীয় সময় রাত ৯:৩০ মিনিটে (ইস্টার্ন টাইম দুপুর ১২টা) ইরানে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো শুরু করে মার্কিন বাহিনী।
পাল্টা আঘাত না করার নির্দেশ ট্রাম্পের
সামরিক অভিযানের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানকে তীব্র হুঁশিয়ারি দেন। ট্রাম্প স্পষ্ট জানান, এই অভিযানের জবাবে ইরান যদি ফের কোনো হামলা চালায়, তবে তাদের আরও কঠিন ও ব্যাপক আক্রমণের মুখোমুখি হতে হবে। সেই সঙ্গে তিনি সতর্ক করে উল্লেখ করেন, “সবচেয়ে বড় হামলাটি এখনও বাকি রয়েছে।”
ট্রাম্প দাবি করেন, যৌথ সামরিক চাপে ইরান অর্থনৈতিক ও সামরিকভাবে মারাত্মক সংকটে পড়েছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনে ইরানে আবারও আক্রমণ চালানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।
ক্ষয়ক্ষতির বিবরণ ও সীমান্ত পরিস্থিতি
এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তা আলী খলিলতাবাদীকে উদ্ধৃত করে জানায়, হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলীয় চাবাহার ও কোনারক কাউন্টির বিভিন্ন স্থানে অন্তত চারটি প্রজেক্টাইল আঘাত হেনেছে। তবে এতে কোনো বস্তুগত ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
দীর্ঘদিন ধরে চলা উত্তেজনায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখনও অবরুদ্ধ রয়েছে এবং ইরানি সমুদ্রবন্দরগুলোতে মার্কিন নৌবাহিনী পাল্টা অবরোধ বজায় রেখেছে। উল্লেখ্য, এর আগে লারাক দ্বীপে ইরানি রকেট লঞ্চার ধ্বংস করতে হামলা চালায় আমেরিকা, যার পাল্টা জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তেহরান। তবে সেই রকেট হামলাগুলো সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ওয়াশিংটন।
সুত্র: এনডিটিভি
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











