মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইস্তাম্বুলে বৈঠকে বসছেন তুরস্ক, সৌদি ও পাকিস্তানের শীর্ষ কর্তারা
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিতে যাচ্ছেন তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা। সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। খবর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানা গেছে, জোটের এই সূচনা বৈঠকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানরা এক মঞ্চে উপস্থিত থাকবেন।
চলতি মাসের ৭ আগস্ট স্বাক্ষরিত হয় ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’। মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক সংঘাত ও মার্কিন-ইরান উত্তেজনার সার্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের মিত্র সুন্নি সংখ্যাগরিষ্ঠ এই তিন দেশ প্রতিরক্ষা সমন্বয়ে জোটবদ্ধ হয়েছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিকারক দেশগুলোতে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ আরও বৃদ্ধি পায়।
যেকোনো বহিঃশত্রুর সম্ভাব্য আগ্রাসন সম্মিলিতভাবে প্রতিহত করাই এই মক্কা চুক্তির মূল লক্ষ্য। চুক্তিতে উল্লেখ রয়েছে—সদস্য যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা জোটের সব দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এই নীতিটি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সনদ অনুচ্ছেদ-৫ এর সম্মিলিত প্রতিরক্ষা ধারার অনুরূপ।
ইস্তাম্বুলের এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তার সার্বিক চিত্র ছাড়াও সদস্য দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং যৌথ অস্ত্র উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নসহ সামরিক শিল্প খাতে সহযোগিতা গভীর করার বিষয়গুলো এজেন্ডায় প্রাধান্য পাবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











