ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ২২৪৯
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও সাতজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন দুই হাজার ২৪৯ জন রোগী।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে গণমাধ্যমে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে। আর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ১৭ হাজার ৪০০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে নতুন ভর্তি হওয়া রোগীদের পরিসংখ্যান তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০৫ জন। এছাড়া খুলনা বিভাগে ২৯৭, চট্টগ্রাম বিভাগে ২১৭, রাজশাহী বিভাগে ২২৪, বরিশাল বিভাগে ২১১, ময়মনসিংহ বিভাগে ১৫৫, রংপুর বিভাগে ৮২ এবং সিলেট বিভাগে ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২২৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২০১ জন নতুন রোগী হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন।
উল্লেখ্য, এর আগের বছরগুলোতেও ডেঙ্গুর ভয়াবহতা লক্ষ্য করা গিয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মারা যান ৪১৩ জন। তার আগের বছর ২০২৪ সালে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন। এছাড়া ইতিহাসের সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হওয়া ২০২৩ সালে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











