কাগজ'-এর পর আলী জুলফিকার জাহেদীর নতুন সিনেমা 'জানালার ওপারে কেউ নেই'
প্রথম চলচ্চিত্র ‘কাগজ: দ্য পেপার’-এর পর নতুন সিনেমা নির্মাণে ফিরেছেন চিত্রপরিচালক আলী জুলফিকার জাহেদী। আদ্রীয়ান প্রডাকশনসের ব্যানার থেকে নির্মিত তার দ্বিতীয় এই চলচ্চিত্রের নাম রাখা হয়েছে ‘জানালার ওপারে কেউ নেই’। বর্তমানে ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন বাস্তব লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলমান রয়েছে।
নির্মাতা সূত্রে জানা গেছে, মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট ও মানবিক সম্পর্কের জটিলতা নিয়ে ছবিটির গল্প সাজানো হয়েছে। সমসাময়িক সমাজের মানুষের একাকীত্ব, জীবনযাত্রার অন্তরালে থাকা অপ্রকাশিত বাস্তবতা এবং সম্পর্কের নানা টানাপোড়েন উঠে আসবে এই চলচ্চিত্রে। কাজ সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এটি মুক্তির পরিকল্পনা করা হবে।
নতুন ও অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সমন্বয়ে সাজানো এ সিনেমায় অভিনয় করছেন সিফাত আমিন শুভ, সাকিব হোসেন, লারা লোটাস, আনোয়ার শাহী, গোলাম ফরিদা ছন্দা, রাজু সরকার ও সাইফুর রহমান ইভান। শিশুকিশোর চরিত্রে রয়েছেন রুদ্র রায় ও নাওমি। এছাড়াও এই সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো অভিষেক হতে যাচ্ছে নতুন মুখ আদ্রিতার। ছবিটির চিত্রগ্রহণের দায়িত্বে আছেন ইসমাইল হোসেন লিটন।
পরিচালক জাহেদী জানিয়েছেন, চলচ্চিত্রটিতে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চরিত্রে পাকিস্তানের একজন জনপ্রিয় অভিনেত্রীর যুক্ত হওয়ার কথা রয়েছে। তবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নাম চূড়ান্তভাবে জানানো হবে।
নিজের নতুন কাজ নিয়ে আলী জুলফিকার জাহেদী বলেন, "মানুষের সাধারণ জীবনের আড়ালে অনেক অব্যক্ত অনুভূতি ঢাকা পড়ে থাকে। সম্পর্কের কিছু অদৃশ্য রূপ রয়েছে, যা সহজে বাইরে থেকে অনুধাবন করা যায় না। এই চলচ্চিত্রে সেই সূক্ষ্ম বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করি, দর্শকরা চরিত্রগুলোর ভেতরের একাকীত্ব ও অনুভূতিগুলো অনুধাবন করতে পারবেন।"
উল্লেখ্য, আলী জুলফিকার জাহেদীর পূর্বে নির্মিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো দেশ ও বিদেশের একাধিক আন্তর্জাতিক উৎসব ও মঞ্চে প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











