লন্ডন ও স্কটল্যান্ডে সংগীত পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন
যুক্তরাজ্যে প্রবাসী বাঙালিদের জন্য আয়োজিত দুটি বিশেষ সংগীতানুষ্ঠানে অংশ নিতে ঢাকা ছেড়েছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। গত ৪ অক্টোবর সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে রওয়ানা হন। এই সফরে তাঁর সঙ্গে যন্ত্রশিল্পী হিসেবে রয়েছেন তবলায় চন্দন দত্ত, লিড গিটারে মনোয়ার হোসেন টুটুল এবং কি-বোর্ডে পার্থপ্রতিম বাপ্পী।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১১ অক্টোবর লন্ডনে এবং ১৫ অক্টোবর স্কটল্যান্ডে গান পরিবেশন করবেন এই সংগীত তারকা। লন্ডনের আয়োজনটি অনুষ্ঠিত হবে ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে। ১০ অক্টোবর থেকে পূর্ব লন্ডনের হ্যানবুরি স্ট্রিটস্থ ‘দ্য ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টার’-এ শুরু হতে যাওয়া এই উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চে উঠবেন সাবিনা ইয়াসমিন।
এছাড়া ১১ অক্টোবর পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে টিকিট কেটে আসা দর্শকদের সামনেও সুরের জাদু ছড়াবেন তিনি।
সফর প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে তাদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখাই এ ধরনের আয়োজনের উদ্দেশ্য। গত বছরও তিনি এই উৎসবে অংশ নিয়েছিলেন এবং আয়োজক ও শ্রোতাদের অব্যাহত আগ্রহের কারণেই এবারও সফর করছেন।
সঙ্গীতে যুক্ত হচ্ছেন ফেরদৌস ওয়াহিদ
এদিকে সাবিনা ইয়াসমিনের এই বিশেষ পরিবেশনা উপভোগ করতে আগামী ৭ অক্টোবর লন্ডনের উদ্দেশে রওনা দিচ্ছেন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। বর্তমানে আরটিভির ‘লিটল স্টার’ রিয়েলিটি শোর সঙ্গে যুক্ত থাকলেও আয়োজকদের অবহিত করে তিনি এই সফরে যাচ্ছেন। ১৪ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
ফেরদৌস ওয়াহিদ জানান, সাবিনা ইয়াসমিন দেশের সংগীতাঙ্গনের এক অনন্য নাম। একই আয়োজনে উপস্থিত থেকে তাঁর গান সরাসরি উপভোগ করা সবসময়ই আনন্দের।
১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর জন্ম নেওয়া সাবিনা ইয়াসমিন দীর্ঘ ক্যারিয়ারে আধুনিক, চলচ্চিত্র, লোকজ ও দেশাত্মবোধক গানে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন। স্বচ্ছ কণ্ঠ ও নিখুঁত উচ্চারণে অজস্র কালজয়ী গান উপহার দেওয়া এই গুণী শিল্পী সফর শেষে ১৮ অক্টোবর দেশে ফিরবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











