জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সরকারের প্রয়োজন নেই: ডা. শফিকুর রহমান
দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় সরকার ব্যর্থ হলে দেশ পরিচালনার দায়িত্ব এমন নেতৃত্বের হাতে তুলে দেওয়া হবে, যারা তা নিশ্চিত করতে সক্ষম।
রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রতিষ্ঠানের অবক্ষয়
বক্তব্যে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, রাজধানী ঢাকাসহ দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। জনগণের মৌলিক স্বাস্থ্য সুরক্ষাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করা হয়েছে। তিনি দাবি করেন, সরকার জনস্বার্থে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না, আবার বিরোধী পক্ষকেও জনকল্যাণমূলক কাজ করতে দিচ্ছে না।
বিমানবন্দরের ঘটনা ও মামলা প্রসঙ্গে
বিমানবন্দরে দলীয় সংসদ সদস্যদের হয়রানির তীব্র নিন্দা জানিয়ে জামায়াত আমীর বলেন, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে 'হাজার ভাগ মিথ্যা' আখ্যা দিয়ে তিনি বলেন, মেজর আখতারুজ্জামান এখন দেশের নির্যাতিত মানুষের সোচ্চার কণ্ঠস্বর।
আইন প্রয়োগের ক্ষেত্রে দ্বিমুখী নীতির অভিযোগ তুলে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যক্তিদের প্রতি নির্মম আচরণ করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ডেঙ্গু পরিস্থিতি ও সরকারের ভূমিকা
দেশের চলমান ডেঙ্গু পরিস্থিতিকে ‘মহামারির সমতুল্য’ উল্লেখ করে ডা. শফিকুর রহমান জানান, মানুষের জীবন রক্ষায় জামায়াতে ইসলামী মাঠপর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে। একই সঙ্গে জনগণের করের টাকা চুরির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সরকার নিষ্ক্রিয় থাকলে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











