টেক্সাসে হৃদি হকের নির্দেশনায় মঞ্চস্থ হচ্ছে ‘আন্ধার জয়’
যুক্তরাষ্ট্রের টেক্সাসে মঞ্চায়িত হতে যাচ্ছে বিশেষ নাটক ‘দ্য রাইজিং অব দ্য মুন-আন্ধার জয়’। ৪ অক্টোবর টেক্সাসের ইউনিভার্সিটি অ্যাভিনিউয়ের জর্জটাউন থিয়েটার হলে আইরিশ নাট্যকার লেডি গ্রেগরির ধ্রুপদি একাঙ্কিকার মূল ভাবনা অবলম্বনে পুনর্লিখিত এই নাটকটি প্রদর্শিত হবে। প্রযোজনাটির নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন বাংলাদেশের নাট্যকার, অভিনেত্রী ও নির্দেশক হৃদি হক।
এক সাক্ষাৎকারে নির্দেশক হৃদি হক জানান, আইরিশ মূল নাটকটির গল্পের চেয়ে এর অন্তর্নিহিত মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তাঁকে বেশি আকৃষ্ট করেছে। ক্ষমতার লোভ এবং বিবেকের তাড়নার সংঘাতের মধ্য দিয়ে একজন মানুষের সুপ্ত আত্মপরিচয় জেগে ওঠার গল্পই এতে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু সংলাপ নির্ভর না রেখে সংগীত, শরীরী ভাষা, নীরবতা ও দৃশ্য বিন্যাসের মাধ্যমে এটি একটি পূর্ণাঙ্গ মঞ্চ-অভিজ্ঞতা হিসেবে গড়ে তোলা হয়েছে।
আন্তর্জাতিক পরিসরে মঞ্চভাবনা
টেক্সাসে প্রথমবার নির্দেশনার অভিজ্ঞতা নিয়ে হৃদি হক জানান, চিত্রনাট্য রচনার সময় থেকেই তাঁর নাটকের নির্মাণপ্রক্রিয়া শুরু হয়। বিভিন্ন দেশের প্রায় ৫০ জন নাট্যকর্মীকে যুক্ত করে দীর্ঘ ছয় মাসের নিবিড় কর্মশালার মধ্য দিয়ে এই প্রযোজনার নিজস্ব মঞ্চভাষা তৈরি করা হয়েছে। সংকেত, বিরতি, আলো ও সুরের সমন্বয়ে নাটকটিকে একটি রূপ দেওয়া হয়েছে।
এই উদ্যোগের মধ্য দিয়ে টেক্সাসের স্থানীয় থিয়েটার এবং বাংলাদেশের নাট্যাঙ্গনের মধ্যে এক দীর্ঘমেয়াদি শিল্প-সংযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের পথ উন্মুক্ত হবে বলে আশা করছেন তিনি। ইতোমধ্যে অস্টিন, ডালাস, হিউস্টন ও সান অ্যান্টোনিওসহ নানা শহরের দর্শক ও নাট্যকর্মীদের মধ্যে এই নাটক ঘিরে আগ্রহ দেখা গেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা ও চলচ্চিত্র
আন্তর্জাতিক পরিসরে থিয়েটার ও চলচ্চিত্র—উভয় মাধ্যমেই বাংলা শিল্পের নিজস্ব কণ্ঠস্বর তুলে ধরতে চান হৃদি হক। তিনি জানান, দেশে ফিরেই নতুন একটি চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার কাজ শুরু করবেন। পাশাপাশি তাঁর পরিচালিত ‘১৯৭১: সেইসব দিন’ সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবের প্রদর্শনীতে অংশ নেওয়ার ধারাবাহিক আমন্ত্রণ পাচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











