দৃশ্যম ৩-এর ঐতিহাসিক সূচনা: প্রথম দিনেই ৯৫ কোটির ব্যবসা, ভেঙে গেল অজয় দেবগনের সব রেকর্ড
মুক্তি পাওয়ার প্রথম দিনেই বক্স অফিসে বিপুল ঝড় তুলেছে অজয় দেবগন অভিনীত থ্রিলার ফ্র্যাঞ্চাইজির বহুল আলোচিত শেষ পর্ব ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। শুক্রবার (২ অক্টোবর) প্রেক্ষাগৃহে আসার পরই দর্শকমহলে তৈরি হয় অভাবনীয় উন্মাদনা। এই বিশাল সাফল্যের মধ্য দিয়ে নিজের অভিনয় জীবনের সর্বকালের সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছেন বলিউড তারকা অজয় দেবগন।
অভিষেক পাঠক রচিত ও পরিচালিত এই থ্রিলারে আইকনিক ‘বিজয় সালগাঁওকর’ চরিত্রে পুনরায় পর্দায় ফিরেছেন অজয়। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনটিকে কেন্দ্র করেই সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।
অগ্রিম বুকিংয়েই বাজিমাত
প্রেক্ষাগৃহে আসার আগেই ভারতের বাজারে ‘দৃশ্যম ৩’ ঘিরে ভক্তদের তুমুল আগ্রহ দেখা যায়। টিকিট বিক্রির অগ্রিম বা অ্যাডভান্স বুকিং থেকেই সিনেমাটি ৫০ কোটি টাকারও বেশি আয় করে নেয়। মুক্তির প্রথম দিনে ভারতের অভ্যন্তরীণ বাজারে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ৬৬.৭৫ কোটি রুপি, যার গ্রস আয় প্রায় ৮০.১০ কোটি রুপি।
হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে প্রথম দিনের আয়ের নিরিখে এটি এখন তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী সাফল্য। তালিকার শীর্ষে থাকা ‘ধুরন্ধর ২’ ও ‘জওয়ান’-এর পরেই স্থান করে নিয়েছে ছবিটি। একই সঙ্গে এটি ভেঙে দিয়েছে অজয়ের নিজের ক্যারিয়ারের আগের সর্বোচ্চ ওপেনার ‘সিংঘম এগেইন’-এর (৪৩.৭০ কোটি রুপি) রেকর্ড।
আন্তর্জাতিক বাজার ও বৈশ্বিক রেকর্ড
ভারতের গণ্ডি পেরিয়ে ওভারসিজ বা আন্তর্জাতিক বাজারেও দারুণ পারফর্ম করেছে ‘দৃশ্যম ৩’। প্রথম দিনেই বিশ্ব বাজার থেকে ১৫ লাখ মার্কিন ডলারের বেশি আয় তুলে নিয়েছে সিনেমাটি।
সব মিলিয়ে মুক্তির প্রথম দিন শেষে বিশ্বজুড়ে ছবিটির মোট গ্রস কালেকশন এসে দাঁড়িয়েছে ৯৫ কোটি টাকায়। প্রথম দিনে শতকোটির ক্লাব স্পর্শ করতে অল্পের জন্য ব্যর্থ হলেও হিন্দি সিনেমার ইতিহাসে এটি বিশ্বব্যাপী ষষ্ঠ বৃহত্তম উদ্বোধনী আয়ের নজির গড়েছে।
পেছনে ফেলল বড় বাজেটের প্যান-ইন্ডিয়া ছবিগুলোকে
প্রথম দিনে ৯৫ কোটি টাকার গ্রস কালেকশন নিয়ে ‘দৃশ্যম ৩’ পেছনে ফেলে দিয়েছে ভারতীয় সিনেমার একাধিক মেগা বাজেটের ব্লকব্লাস্টার ও প্যান-ইন্ডিয়া সিনেমাকে। এর মধ্যে রয়েছে রজনীকান্তের ‘জেলার’ (৯১ কোটি), রাম চরণের ‘পেড্ডি’ (৯৪ কোটি), সালমান খানের ‘টাইগার ৩’ (৯৩ কোটি) এবং ঋষভ শেঠির ‘কান্তারা চ্যাপ্টার ১’ (৮৮ কোটি)।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











