যুক্তরাষ্ট্রের অটো বাজারে এশীয় ব্র্যান্ডের দাপট, ব্যাকফুটে 'বিগ থ্রি'
যুক্তরাষ্ট্রের গাড়ির বাজারে দেশটির ঐতিহ্যবাহী অটোমোবাইল নির্মাতাদের ওপর আধিপত্য বিস্তার করছে এশীয় প্রতিষ্ঠানগুলো। টয়োটা ও হুন্দাই-কিয়ার মতো এশীয় ব্র্যান্ডগুলোর প্রতিনিয়ত বিক্রি বৃদ্ধির বিপরীতে চ্যালেঞ্জের মুখে পড়েছে স্থানীয় জায়ান্ট জেনারেল মোটরস (জিএম), ফোর্ড এবং এফসিএ-স্টেলান্টিস। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে চীনা গাড়ি নির্মাতারা মার্কিন বাজারে প্রবেশের সুযোগ পেলে স্থানীয় কোম্পানিগুলোর সংকট আরও গভীর হতে পারে।
হাইব্রিড গাড়ির চাহিদা ও এশীয় ব্র্যান্ডগুলোর জয়জয়কার
কক্স অটোমোটিভের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ চার্লি চেসব্রোর বিশ্লেষণ অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে নতুন গাড়ি বিক্রির অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করছে এশীয় ব্র্যান্ডগুলো। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে টানা দ্বিতীয়বারের মতো অর্ধেকের বেশি বাজার অংশীদারত্ব নিজেদের দখলে নিতে যাচ্ছে তারা, যা রেকর্ড উচ্চতার কাছাকাছি।
অন্যদিকে, ডেট্রয়েটভিত্তিক 'বিগ থ্রি' নামে পরিচিত জেনারেল মোটরস, ফোর্ড ও স্টেলান্টিসের সম্মিলিত বাজার অংশীদারত্ব কমে প্রায় ৩৬ শতাংশের কাছাকাছি পৌঁছেছে, যা এখন পর্যন্ত সর্বনিম্ন। চার্লি চেসব্রো জানান, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংঘাত ও জ্বালানি তেলের দামের অস্থিরতার কারণে সাধারণ ক্রেতারা এখন হাইব্রিড গাড়ির দিকে বেশি ঝুঁকছেন। আর হাইব্রিড প্রযুক্তি ও উৎপাদনে এশীয় কোম্পানিগুলোর অগ্রগামিতা তাদের এই বাড়তি সুবিধা দিচ্ছে।
জিএম ও টয়োটার বাজার প্রতিযোগিতা
মোট গাড়ি বিক্রির হিসাবে যুক্তরাষ্ট্রের বাজারে এখনও শীর্ষে রয়েছে জেনারেল মোটরস (জিএম)। তবে দ্রুত সে ব্যবধান কমিয়ে আনছে জাপানি অটোমেকার টয়োটা। পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে জিএমের বাজার অংশীদারত্ব ছিল ১৭.৪ শতাংশ, যা চলতি বছরের প্রথম নয় মাসে কমে ১৬.৭ শতাংশে নেমেছে। একই সময়ে টয়োটার অংশীদারত্ব ১৫.২ শতাংশ থেকে বেড়ে ১৫.৬ শতাংশে উন্নীত হয়েছে।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে জিএমের গাড়ি বিক্রি ৫.৫ শতাংশ কমে ৬ লাখ ৭০ হাজার ৯৭৪ ইউনিটে দাঁড়ায়। তবে টয়োটার বিক্রি ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬ লাখ ৩৩ হাজার ২২৩ ইউনিটে পৌঁছেছে। এছাড়া তৃতীয় স্থানে থাকা ফোর্ডের বিক্রি ও অংশীদারত্ব কমলেও চতুর্থ স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার হুন্দাই-কিয়ার বিক্রি বৃদ্ধি পেয়েছে।
চীনা গাড়ির প্রবেশ ও নীতিগত অনিশ্চয়তা
গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, চীনা গাড়ি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে কারখানা নির্মাণ করে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি করলে দেশটিতে তাদের গাড়ি চলচলে তিনি বাধা দেবেন না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হোয়াইট হাউস সফরের আগে ট্রাম্পের এই বক্তব্যে তীব্র উদ্বেগ তৈরি হয় মার্কিন অটোমোবাইল খাতের লবিস্টদের মধ্যে। তারা চীনা কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার দাবি জানান।
বিশ্লেষক পিটার নাগলের মতে, বিওয়াইডি, জিলি ও এসএআইসির মতো চীনা ব্র্যান্ডগুলো ২০৩৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ লাখ গাড়ি বিক্রি করতে পারে, যা মার্কিন গাড়ি বাজারের প্রায় ১১ শতাংশ। যদিও বর্তমানে সরাসরি নিষেধাজ্ঞা না থাকলেও কঠোর শুল্ক ও ট্যারিফের কারণে যুক্তরাষ্ট্রে চীনা গাড়ির প্রবেশ সংকুচিত রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











