দুবাই-তেল আবিব বিমানে হামলা: ওমানি পাইলটকে ঘিরে চাঞ্চল্য

০৩ অক্টোবর ২০২৬ - ১৫:৪৬
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দুবাই-তেল আবিব বিমানে হামলা: ওমানি পাইলটকে ঘিরে চাঞ্চল্য
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ‘ফ্লাইদুবাই’-এর একটি উড়োজাহাজে সহকর্মীকে ছুরিকাঘাত ও বিমান নাশকতার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ওমানি পাইলট হামাম আলহাম্মামিকে ঘিরে চাঞ্চল্যকর নানা তথ্য সামনে এসেছে। তার বিরুদ্ধে বিমানটি ইসরায়েলে বিধ্বস্ত করার পরিকল্পনার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএনের পৃথক প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

​প্রতিবেদন অনুযায়ী, চরমপন্থি ভাবাদর্শের সন্দেহে হামামের ওপর নিজ দেশ ওমানে আগেই বিমান চালনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে জন্ম নেওয়া এই পাইলটের বাবা ওমানি এবং মা সিরীয় নাগরিক। জীবনের বড় একটি সময় সিরিয়ায় কাটানো হামাম সেখানেই উগ্রবাদী ভাবাদর্শে প্রভাবিত হন বলে অভিযোগ রয়েছে।

​ওমান এয়ারে নিষেধাজ্ঞা ও ফ্লাইদুবাইয়ে নিয়োগ

২০২৪ সালে ওমান এয়ারে শিক্ষানবিস পাইলট হিসেবে কর্মরত অবস্থায় হামামের কাছ থেকে চরমপন্থি মতাদর্শ সংক্রান্ত নথিপত্র উদ্ধার করা হয়। এর পর এয়ারলাইনস কর্তৃপক্ষ তাকে বিমান চালনা থেকে বিরত রেখে প্রশাসনিক দায়িত্বে স্থানান্তর করে। তবে ওমানের এই নিষেধাজ্ঞা সত্ত্বেও দুবাইভিত্তিক ‘ফ্লাইদুবাই’ এয়ারলাইনস তাকে পাইলট হিসেবে নিয়োগ দেয় এবং সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যকার রুটে বিমান চালনার দায়িত্ব দেয়।

​সিএনএন ও সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইনের তথ্য অনুযায়ী, ওমান এয়ারে সাত বছর কাজ করার পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি চাকরি ছাড়েন। এরপর রয়্যাল এয়ার মরক্কোতে কিছু দিন চাকরি করে ২০২৬ সালের জানুয়ারিতে ফ্লাইদুবাইয়ে যোগ দেন, যেখানে তিনি আট মাস কর্মরত ছিলেন।

​সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদের ইঙ্গিত

উড়োজাহাজে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরপরই হামামের লিঙ্কডইন প্রোফাইল থেকে সন্ত্রাসবাদ সংক্রান্ত দুটি পোস্ট শেয়ার করা হয়। প্রথম পোস্টে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের ককপিট থেকে ধারণ করা ভিডিওতে ইসরায়েলি এয়ারলাইনের বিমান লক্ষ্য করে দৃশ্যধারণ এবং আল-কায়েদার প্রয়াত প্রধান আয়মান আল-জাওয়াহিরিসহ এক চরমপন্থির ছবি যুক্ত ছিল। দ্বিতীয় পোস্টে পবিত্র মক্কার ছবি ব্যবহার করে মৃত্যুকে ভয় না পাওয়ার বার্তা দেওয়া হয়। তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্ট পর্যালোচনা করেও উগ্র মানসিকতার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংবাদমাধ্যমটি।

​ককপিটে হামলা ও বিপর্যয় এড়ানোর মুহূর্ত

গত সপ্তাহে দুবাই থেকে তেল আবিবগামী ১৭০ জনের বেশি যাত্রী বহনকারী ফ্লাইদুবাইয়ের বিমানে এই ঘটনা ঘটে। বিমানটি যখন প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল, তখন হামাম নাশকতার চেষ্টা চালান। এ সময় সহকারী ভারতীয় পাইলট মাচ্ছার তাকে বাধা দিতে গেলে তাকে ছুরিকাঘাত করেন হামাম। এতে উড়োজাহাজটি হঠাৎ প্রায় ১৫ হাজার ৬০০ ফুট উচ্চতায় নেমে আসে।

​গুরুতর আহত হওয়া সত্ত্বেও ভারতীয় পাইলট ককপিটের দরজা খুলে দেন। ফলে কেবিন ক্রু ও যাত্রীরা দ্রুত ভেতরে প্রবেশ করে অভিযুক্ত পাইলটকে কাবু করতে সক্ষম হন এবং বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পায় বিমানটি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0