শাহজালাল বিমানবন্দরের মামলায় সাবেক এমপি আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড, আদালতে হেলমেট ফেলে প্রতিবাদ

০৩ অক্টোবর ২০২৬ - ১৫:৩১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শাহজালাল বিমানবন্দরের মামলায় সাবেক এমপি আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড, আদালতে হেলমেট ফেলে প্রতিবাদ
ছবি সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তা কর্মকর্তাকে হুমকির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (৩ অক্টোবর) উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই রিমান্ড মঞ্জুর করেন।

​শনিবার দুপুরে কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আখতারুজ্জামানকে সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

​আদালতে আনার পর এক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। প্রিজনভ্যান থেকে নামানোর সময় আখতারুজ্জামান তার মাথায় থাকা হেলমেট খুলে ছুড়ে ফেলে দেন। এ সময় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমি হেলমেট মানি না। সরকারের অবৈধ অর্ডার মানি না।” মুহূর্তের মধ্যেই ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

​মামলার পটভূমি

গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনা, ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি পৌঁছাতে দেরি হওয়া নিয়ে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে আখতারুজ্জামানের বিরুদ্ধে।

​পরবর্তী সময়ে এ ঘটনায় মামলা দায়ের করা হলে শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসভবন থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0