জাতিসংঘের অধিবেশন শেষে নির্দেশ অমান্য: যুক্তরাষ্ট্র থেকে ইরানের দুই প্রতিনিধিকে বহিষ্কার
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও নিউ ইয়র্কে অবস্থান করায় ইরানি প্রতিনিধিদলের দুই সদস্যকে দেশ ছাড়তে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র। নির্ধারিত সময়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করার সরকারি নির্দেশনা অমান্য করার পর মার্কিন পররাষ্ট্র দফতর এই পদক্ষেপ নেয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার বরাতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের কড়া নির্দেশ
প্রতিবেদন অনুযায়ী, সাধারণ পরিষদের অধিবেশন সমাপ্তির দীর্ঘদিন পরও নিউ ইয়র্কে ওই দুই ইরানি প্রতিনিধির অবস্থানের বিষয়টি মার্কিন প্রশাসনের নজরে আসে। মার্কিন পররাষ্ট্র দফতর সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ইস্যুতে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছেন।
পূর্বে প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং তাঁর সফরসঙ্গীদের গত সোমবারের মধ্যেই যুক্তরাষ্ট্রের সীমা ছাড়ার নির্দেশ দিয়েছিল ওয়াশিংটন। তবে গত শুক্রবার জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন জানায়, প্রতিনিধিদলের কয়েক সদস্য তখনো যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এরপরই তাদেরকে দ্রুত দেশ থেকে বের করে দেওয়ার চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়।
মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পররাষ্ট্র দপ্তরের কড়া অবস্থানের মুখে প্রতিনিধিদলের এক সদস্য শুক্রবার রাতে এবং অন্যজন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।
কূটনৈতিক স্থবিরতা ও ওয়াশিংটন-তেহরান সম্পর্ক
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে পরবর্তীতে দুই দেশের মধ্যকার কূটনৈতিক আলোচনা থমকে যায়।
ইতোমধ্যে হরমুজ প্রণালি পুনরায় সচল করার বিষয়ে তেহরানের দেওয়া একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে দুই দেশের কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু হতে পারে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (IRNA) স্পষ্ট করেছে যে, ওয়াশিংটনের সাথে তাদের আর কোনো সরাসরি বৈঠকের সময়সূচি নির্ধারিত নেই।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











