৪ মাসের কেমোথেরাপি চলছে, সুস্থ হয়ে অভিনয়ে ফেরার প্রস্তুত তানিয়া বৃষ্টি
অসুস্থতার কারণে দীর্ঘ প্রায় ৯ মাস ধরে শুটিং থেকে দূরে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তবে চিকিৎসা চলমান থাকলেও তাঁর শারীরিক অবস্থার আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। সব ঠিক থাকলে চলতি মাস থেকেই আবারও অভিনয়ে ফেরার পরিকল্পনা করছেন তিনি। শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক লাইভ সেশনে ভক্তদের সঙ্গে যুক্ত হয়ে নিজের বর্তমান শারীরিক পরিস্থিতি ও পরবর্তী ভাবনার কথা শেয়ার করেন এই অভিনেত্রী।
চলছে কেমোথেরাপি চিকিৎসা
লাইভে চিকিৎসাসংক্রান্ত প্রশ্নের উত্তরে তানিয়া বৃষ্টি জানান, বর্তমানে তাঁর কেমোথেরাপির চিকিৎসা চলছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছয় মাসের মধ্যে তিন মাসের কেমোথেরাপি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে চতুর্থ মাসের থেরাপি চলছে। আরও দুই মাস এই চিকিৎসা চলার পর কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেসব টেস্টের ফলাফলের ওপর নির্ভর করে চিকিৎসক তাঁর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবেন।
শুটিংয়ে ফেরার ইচ্ছে
দীর্ঘ বিরতির পর কাজে ফেরা নিয়ে আশাবাদ প্রকাশ করে তানিয়া বৃষ্টি বলেন, চলতি মাস থেকেই তিনি কাজ শুরু করতে আগ্রহী। এ বিষয়ে সহকর্মীদের সঙ্গে কথাবার্তাও চলছে, তবে এখন পর্যন্ত চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়নি। অসুস্থতার শুরুতে শারীরিক অবস্থা অনেকটাই খারাপ থাকলেও বর্তমানে তিনি বেশ ভালো অনুভব করছেন বলে জানান।
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
লাইভের শেষ পর্যায়ে তিনি দীর্ঘ সময় তাঁর পাশে থাকার জন্য দর্শক ও অনুরাগীদে আন্তরিক ধন্যবাদ জানান। কঠিন এই সময়ে যাঁরা তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন এবং কাজের জন্য অপেক্ষা করছেন, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, ভক্তদের ভালোবাসা ও চাওয়া মেনেই তিনি দ্রুত কাজে ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন।
উল্লেখ্য, তানিয়া বৃষ্টির হাতে বর্তমানে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ রয়েছে। রায়হান খান পরিচালিত এই চলচ্চিত্রে তাঁর সঙ্গে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











