মূল্যস্ফীতিতে জনজীবনে চাপ, ব্যাংক ও বিনিয়োগ বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

০৩ অক্টোবর ২০২৬ - ২২:২২
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মূল্যস্ফীতিতে জনজীবনে চাপ, ব্যাংক ও বিনিয়োগ বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

মূল্যস্ফীতির কারণে দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সংকুচিত হয়ে পড়েছে এবং তারা অর্থনৈতিক চাপের মুখে রয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একইসঙ্গে জিডিপির তুলনায় প্রয়োজনের চেয়ে কম কর আদায়, ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিকে বর্তমান অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

​শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকোনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনীতির সংকট

বক্তব্যে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে মূল্যস্ফীতি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চাপ তৈরি করেছে, অন্যদিকে কর সংগ্রহের হার চাহিদার তুলনায় অপ্রতুল। এই বাস্তবতায় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনা, মূল্যস্ফীতি হ্রাস করা এবং ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

​বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা তুলে ধরে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে প্রবৃদ্ধির গতি মন্থর হয়ে এসেছে এবং গত দশকের তুলনায় অর্থায়নের ব্যয় বেড়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন দেশের শুল্ক বাধা ও সংরক্ষণবাদী নীতি বাড়ছে। এছাড়া ভূরাজনৈতিক উত্তেজনার ফলে জ্বালানি ও পরিবহন ব্যয় অস্থির হয়ে উঠেছে, যার সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের আর্থিক ক্ষতি।

​তিনি আরও বলেন, বাংলাদেশ একটি আমদানিনির্ভর ও রফতানিমুখী অর্থনীতি হওয়ায় বৈশ্বিক এসব পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ছে এ দেশের পণ্যের দাম, রফতানি আদেশ এবং বৈদেশীক মুদ্রার বিনিময় হারে।

​সমস্যা স্বীকারেই সমাধানের সূচনা

অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো সংকট আড়াল করে সুফল পাওয়া যায় না; সমস্যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়ার মাধ্যমেই প্রকৃত সমাধানের পথ উন্মুক্ত হয়। তিনি জানান, কর ব্যবস্থাকে ন্যায্য ও প্রযুক্তিনির্ভর করা এবং বেসরকারি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে কাজ করছে সরকার।

​স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রসঙ্গ টেনে আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পরিবর্তিত বাস্তবতার সাথে খাপ খাইয়ে অর্থনীতিকে প্রস্তুত রাখতে হবে। রফতানি খাতকে কেবল বাণিজ্য সুবিধার ওপর নির্ভরশীল না রেখে বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা তৈরি করতে হবে।

​প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, অনিশ্চিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া, মানসিক চাপের মধ্যে বিশ্লেষণাত্মক চিন্তা করা এবং যুক্তি দিয়ে নিজের অবস্থান তুলে ধরার সক্ষমতা অর্জন করা অত্যন্ত প্রয়োজন, যা আগামী দিনের নীতিনির্ধারণে মূল ভূমিকা রাখবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0