২৪ ঘণ্টায় ৬১ বিলিয়ন ডলার বাড়ল ইলন মাস্কের সম্পদ, ফের ট্রিলিয়নিয়ার হওয়ার মাইলফলকে
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার শেয়ারের দাম একলফটে বাড়ায় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদের অঙ্কে বড় ধরনের পরিবর্তন এসেছে। শুক্রবার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তাঁর সম্পদ বেড়েছে ৬১ বিলিয়ন ডলার। এই বড় উল্লম্ফনের মাধ্যমে তিনি আবারও ১ ট্রিলিয়ন (১০ লাখ কোটি) মার্কিন ডলার নিট সম্পদের মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন।
স্পেসএক্স ও টেসলার শেয়ার দর বৃদ্ধি
ফোর্বসের রিয়েলটাইম বিলিয়নিয়ার্স তালিকার তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা ২টা ১৫ মিনিটে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৯৭৯ দশমিক ৭ বিলিয়ন ডলারে। আগের দিনের তুলনায় তাঁর নিট সম্পদ বেড়েছে প্রায় ৬ দশমিক ৬৪ শতাংশ।
মহাকাশ প্রযুক্তি কোম্পানি স্পেসএক্স ২৪ ঘণ্টার মধ্যে কয়েকটি সফল রকেট উৎক্ষেপণ সম্পন্ন করায় পুঁজিবাজারে বিনোয়োগকারীদের আস্থা অনেক বৃদ্ধি পায়। ফলে কোম্পানিটির শেয়ার দর ৭ শতাংশের বেশি বেড়ে ১৫৮ দশমিক ৮৪ ডলারে ওঠে। অন্যদিকে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে টেসলা ৪ লাখ ৮৬ হাজার ৫৩২টি গাড়ি গ্রাহকদের হাতে তুলে দিয়েছে, যা বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়েও বেশি। ফলে টেসলার শেয়ারদরও প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৭১ দশমিক ৩২ ডলারে উন্নীত হয়। এতে টানা তৃতীয় বছর গাড়ি সরবরাহ কমে যাওয়ার যে শঙ্কা ছিল, তা কেটে যাওয়ার আশা তৈরি হয়েছে।
ধনীদের তালিকায় শীর্ষ অবস্থান
ফোর্বসের ধনকুবেরদের তালিকায় মাস্ক এখনো বড় ব্যবধানে প্রথম স্থানে রয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। বেজোসের বর্তমান সম্পদের পরিমাণ আনুমানিক ৩৭০ দশমিক ৭ বিলিয়ন ডলার। অর্থাৎ শীর্ষ এই দুই ধনীর সম্পদের ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ৬০০ দশমিক ৫ বিলিয়ন ডলার।
সম্পদের ওঠানামা ও ট্রিলিয়নিয়ার হওয়ার রেকর্ড
এর আগে গত ১২ জুন প্রথমবার বিশ্বের ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে স্থান করে নেন ইলন মাস্ক। ওই দিন তাঁর সম্পদের পরিমাণ ছিল সর্বোচ্চ ১ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলার। জুনে স্পেসএক্সের শেয়ার ১৫০ ডলারে লেনদেন শুরু হলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল, যা মাস্কের সম্পদকে দ্রুত বাড়িয়ে দেয়।
তবে জুনের শেষভাগে স্পেসএক্সের শেয়ারের দাম ৩১ শতাংশ কমে গেলে এবং টেসলার সঙ্গে চুক্তির একটি আইনি বিষয় বিবেচনা করে ফোর্বস তাঁর ১১৬ বিলিয়ন ডলার সমমূল্যের শেয়ার হিসাব থেকে বাদ দিলে তিনি সেই খেতাব হারান। এরপর ২৯ জুন সাময়িকভাবে এবং পরে ১ জুলাই স্পেসএক্সের শেয়ার দর কমার কারণে আবারও ট্রিলিয়নিয়ার খেতাব হারান তিনি। জুলাইয়ে স্পেসএক্সের শেয়ার দর সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ৫০ শতাংশ কমে গেলে মাস্কের নিট সম্পদ ৭০০ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল।
তবে সম্প্রতি স্পেসএক্স ও টেসলা উভয় প্রতিষ্ঠানের শেয়ার দর ঘুরে দাঁড়ানোয় মাস্কের সম্পদ আবারও ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। বর্তমানে তাঁর সম্পদ ৯৭৯ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা ১ ট্রিলিয়ন ডলার ছোঁয়ার থেকে মাত্র ২০ দশমিক ৩ বিলিয়ন ডলার দূরে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











