তেঁতুলিয়া সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৪
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শারিয়ালজোত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আরও তিন তরুণ পালিয়ে যান।
সীমান্তে বিজিবির টহল ও আটক
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর আনুমানিক পাঁচটার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপি ক্যাম্পের একটি দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় শারিয়ালজোত বনের ভেতর দিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে সাতজন তরুণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেন। এতে ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করতে পারলেও বাকি তিনজন পালিয়ে যান।
আটক ব্যক্তিদের পরিচয়
আটক হওয়া তরুণরা হলেন—সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল ইসলাম (২১), সদর উপজেলার বনগাঁও এলাকার মো. জাহেল মিয়ার দুই ছেলে মো. সাব্বির হোসেন (১৫) ও মো. রাহান (১৩) এবং কুমিল্লা জেলার নাসিরনগর এলাকার মো. জজ মিয়ার ছেলে মো. শিপন মিয়া (১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জীবিকার সন্ধানে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
আইনগত পদক্ষেপ
ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবি সার্বক্ষণিক নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জানান, আটক চার তরুণকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











