আমেরিকার সঙ্গে কূটনীতি কোনো ফল দেবে না: ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ওয়াশিংটনের নীতি ও আচরণের তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক আলোচনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, পরমাণু কর্মসূচি নিয়ে অতীতে আলোচনার উদ্যোগ নেওয়ার পরই বারবার নতুন করে সংঘাত সৃষ্টি হয়েছে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
পেজেশকিয়ান উল্লেখ করেন, পরমাণু ইস্যুতে তেহরান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বারবার নিজেদের স্বচ্ছতা ও সদিচ্ছা প্রমাণ করেছে। দেশটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) সর্বাত্মক পরিদর্শনের সুযোগ দিয়েছিল। তবে এসব পরিদর্শনের পরই ইরানের পরমাণু কেন্দ্র এবং বিজ্ঞানীদের তথ্য প্রকাশ পেয়ে যায়। পরবর্তীতে সেসব অবকাঠামোয় হামলা এবং বিজ্ঞানীদের হত্যার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।
ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, যে পক্ষ প্রতিনিয়ত হত্যা, নিষেধাজ্ঞা, মনস্তাত্ত্বিক চাপ এবং প্রতিশ্রুতি ভঙ্গের পথ বেছে নেয়, তাদের সঙ্গে আলোচনায় বসা নিরর্থক।
আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত ইরান
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদোল্লাহি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যেকোনো সম্ভাব্য হুমকি নস্যাৎ করতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত। ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ উসকে দেওয়া হলে এর পরিণতি সব পক্ষের ওপরই বর্তাবে।
অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম 'জেরুজালেম পোস্ট'-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে নৌবাহিনীর বিমানবাহী রণতরি 'ইউএসএস থিওডোর রুজভেল্ট' দীর্ঘমেয়াদি মোতায়েনের লক্ষ্যে ওই অঞ্চলের অভিমুখে রওয়ানা হয়েছে। এছাড়া, 'ইউএসএস মাকিন আইল্যান্ড'-এর নেতৃত্বে একটি উভচর রেডি গ্রুপে প্রায় ২,২০০ মেরিন সেনা এবং ৩টি জাহাজে প্রায় ২,০০০ নাবিক যুক্ত রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











