নাইজেরিয়ায় ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ উদ্ধার
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশে ৩২ জন আরোহী বহনকারী একটি সামরিক বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমান ও আরোহীদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন দেশটির উদ্ধারকর্মীরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এটিআর-৪২ মডেলের ওই বিমানটিতে ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য মিলিয়ে মোট ৩২ জন আরোহী ছিলেন। সোমবার বিমানটি বেনিন শহর থেকে রাজধানী লাগোসের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে পথিমধ্যে স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে এটিআর-৪২ বিমানটির রেডিও যোগাযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বিমানটি থেকে কোনো সাড়া মেলেনি।
উদ্ধার অভিযান পরিচালনা
পরবর্তীতে নাইজেরিয়ার বিমানমন্ত্রী ফেস্টাস কেইয়ামো জানান, ইগবোকোডার নৌঘাঁটির কাছাকাছি এলাকায় বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ চিহ্নিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিমানমন্ত্রী নিশ্চিত করেছেন যে, উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।
তিনি আরও জানান, অনুসন্ধান প্রক্রিয়া দ্রুততার সঙ্গে পরিচালনা করতে নাইজেরীয় বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল সানডে কেলভিন আনেকের সঙ্গে আলোচনা হয়েছে। এই উদ্ধার অভিযানে বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে।
তবে দুর্ঘটনায় কতজন নিহত বা আহত হয়েছেন সে বিষয়ে নাইজেরিয়া কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করেনি। এছাড়া বিমানটি ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানা যায়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











