আয়ারল্যান্ডের আকাশে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে জরুরি অবস্থা, দ্রুত উচ্চতা কমিয়ে লন্ডনে ল্যান্ডিং
লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি উড়োজাহাজ মাঝআকাশে হঠাৎ জরুরি পরিস্থিতির মুখে পড়েছে। বিএ২৯৫ (BA295) নম্বরের ফ্লাইটটি আয়ারল্যান্ডের আকাশসীমায় থাকা অবস্থায় জরুরি বার্তা পাঠিয়ে দ্রুত উচ্চতা কমিয়ে আনে এবং পরবর্তীতে পুনরায় লন্ডনে ফিরে যেতে বাধ্য হয়।
ফ্লাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে জানা গেছে, উড্ডয়নরত অবস্থায় বিমানটির ট্রান্সপন্ডার থেকে ‘৭৭০০’ কোডের একটি বিশেষ বার্তা পাঠানো হয়। আন্তর্জাতিক বিমান চলাচলে যেকোনো ধরনের জরুরি অবস্থার সৃষ্টি হলে এই সংকেতটি ব্যবহার করা হয়ে থাকে। জরুরি বার্তা পাঠানোর পরপরই আয়ারল্যান্ডের আকাশে বিমানটি দ্রুত নিচে নেমে আসে এবং প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় অবস্থান নেয়।
জরুরি পরিস্থিতির সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে বিমান চলাচলের সাধারণ নিয়ম অনুযায়ী কেবিন প্রেশার বা বায়ুচাপ কমে গেলে পাইলটরা নিয়ন্ত্রিত উপায়ে দ্রুত ১০ হাজার ফুটের নিচে নেমে আসেন।
উড়োজাহাজের ট্রান্সপন্ডারের মাধ্যমে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) চার ডিজিটের ‘স্কোয়াক ৭৭০০’ সংকেত পাঠানো হয়। এর অর্থ হলো পাইলটদের বিশেষ সহায়তার প্রয়োজন এবং জরুরি অবতরণের সুবিধার জন্য নির্ধারিত ফ্লাইট রুট ফাঁকা রাখা দরকার।
উল্লেখ্য, এর আগে গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের একটি বিমানেও একই ধরনের ঘটনা ঘটেছিল। তেল আবিবগামী ‘এফজেড১০৭৩’ ফ্লাইটটি জরুরি বার্তা পাঠিয়ে মাত্র দুই মিনিটের কম সময়ে ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে যায় এবং পরবর্তীতে তাবুকার দিকে পথ পরিবর্তন করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











