কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ: নিহত অন্তত ২২, নিখোঁজ অনেকেই
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর ইকুয়েডর প্রদেশে কঙ্গো নদীতে দুটি নৌকার ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে এবং এখনো বহু যাত্রী নিখোঁজ রয়েছেন।
প্রাদেশিক প্রশাসন সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, গত শনিবার (৩ অক্টোবর) ভোরে পশ্চিম ইকুয়েডর প্রদেশের লুকোলেলা অঞ্চলের নগোম্বে শহরের কাছে কঙ্গো নদীতে এই দুর্ঘটনা ঘটে। রাজধানী কিনশাসা ও মবান্দাকার মধ্যে চলাচলকারী একটি বাণিজ্যিক নৌকার সঙ্গে মঙ্গালা প্রদেশ থেকে কিনশাসা অভিমুখে আসা একটি যাত্রীবাহী নৌকার তীব্র ধাক্কা লাগে। এতে ১৬৩ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী নৌকাটি নদীর প্রায় ১২ মিটার গভীরে তলিয়ে যায়।
উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতি
ইকুয়েডর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন ম্পুটু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নদী থেকে এখন পর্যন্ত ২২টি মরদেহ উদ্ধার করে দাফন করা হয়েছে এবং ৫৯ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ঘটনার পর কিছু ভুক্তভোগীকে উদ্ধার করে তাদের স্বজনরা অন্য কোথাও দাফন করে থাকতে পারেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চলছিল।
উল্লেখ্য, কঙ্গোর নদীতীরবর্তী অঞ্চলে যাতায়াত ও মালামাল পরিবহনের প্রধান মাধ্যম নদীপথ। তবে জলযানগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ওই অঞ্চলে প্রায়ই এমন ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটে থাকে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











