গৃহযুদ্ধের চরম ঝুঁকিতে ইসরায়েল: সিআইএর গোপন প্রতিবেদন ফাঁশ

০৬ অক্টোবর ২০২৬ - ২১:৫৩
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গৃহযুদ্ধের চরম ঝুঁকিতে ইসরায়েল: সিআইএর গোপন প্রতিবেদন ফাঁশ
ছবি সংগৃহীত

তীব্র অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল, সামাজিক মেরুকরণ ও অর্থনৈতিক চাপের মুখে এক অভূতপূর্ব অস্থিতিশীলতার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল। পরিস্থিতি এতটা মারাত্মক আকার ধারণ করতে পারে যে দেশটি গৃহযুদ্ধ কিংবা অভ্যন্তরীণ রাষ্ট্রীয় ধসের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।

​অনলাইন আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'ড্রপ সাইট নিউজ'-এর এক প্রতিবেদনে সিআইএর গত আগস্টের একটি গোপন মূল্যায়নের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনা হয়েছে।

​‘ভেতর থেকে ভাঙন’ শীর্ষক মূল্যায়ন

সিআইএর আধা-স্বায়ত্তশাসিত গোয়েন্দা ইউনিট 'রেড সেল' কর্তৃক প্রস্তুত করা ‘ফ্র্যাকচার ফ্রম উইদিন’ (ভেতর থেকে ভাঙন) শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনকে ঘিরে ইসরায়েলে চরম অস্থিরতা বিরাজ করছে। এ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও অস্তিত্ব টিকিয়ে রাখার কঠিন লড়াইয়ে নেমেছেন।

​প্রতিবেদনে ইসরায়েলের মূল সামাজিক সংকটগুলোর একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে কট্টর অর্থোডক্স (হ্যারোদি) ইহুদিদের সামরিক সেবা থেকে অব্যাহতির দীর্ঘদিনের বিতর্ককে। গাজা, লেবানন, সিরিয়া ও ইরানে চলমান সংঘাতের কারণে লাখ লাখ রিজার্ভ সেনাকে তলব করা হলেও, ধর্মীয় শিক্ষার অজুহাতে আল্ট্রা-অর্থোডক্স তরুণেরা ঐতিহ্যগতভাবেই সামরিক বাধ্যবাধকতা থেকে ছাড় পেয়ে আসছেন। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় এ সুবিধা বাতিলের দাবি তীব্র হচ্ছে।

​তবে এ সংক্রান্ত সামরিক নিয়োগ আইন পাসে নেতানিয়াহুর জোট সরকার ব্যর্থ হওয়ায় দেশে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে এবং কয়েকজন তরুণকে আটক করা হয়েছে। এ ঘটনায় নেতানিয়াহুর জোটসঙ্গী ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ (ইউটিজে) ও ‘শাস’ পার্টির মতো কট্টর ধর্মভিত্তিক দলগুলো চরম ক্ষুব্ধ।

​সামরিক ও অর্থনৈতিক বহুমুখী চাপ

সিআইএর মূল্যায়নে সতর্ক করে বলা হয়, যুদ্ধ শেষে হাজার হাজার সশস্ত্র রিজার্ভ সদস্য বেসামরিক জীবনে ফিরে এলে অস্থিতিশীলতা আরও বহুগুণ বৃদ্ধি পেতে পারে। কারণ ইসরায়েলে রিজার্ভ সেনাদের বাড়িতে অস্ত্র রাখা ও প্রকাশ্যে বহন করা সাধারণ সামাজিক অনুষঙ্গ।

​এর পাশাপাশি দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি, খাদ্য পণ্যের ঊর্ধ্বগতি এবং সামরিক ব্যয়ের কারণে দেশটির অর্থনীতির ওপর অভূতপূর্ব চাপ তৈরি হচ্ছে।

​প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে, আসন্ন নির্বাচনে নেতানিয়াহু বা বিরোধী জোট—কোনো পক্ষই সরকার গঠনে প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে না-ও পারে। বিদেশি প্রযুক্তি খাতের বিনিয়োগ হ্রাস এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের গতি থমকে যাওয়া দেশটির সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0