আইপিএলে নতুন ভূমিকা: দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন সৌরভ গাঙ্গুলী
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন এক দায়িত্ব নিয়ে যুক্ত হচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ২০২৭ সালের আইপিএল মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। সাবেক ভারতীয় ক্রিকেটার হেমাং বাদানির স্থলাভিষিক্ত হয়ে এই দায়িত্ব নেবেন তিনি।
দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে গাঙ্গুলীর দীর্ঘ পথচলা
সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দিল্লি ক্যাপিটালসের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৯ সালে দলটির উপদেষ্টা হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বিসিসিআই-এর সভাপতির মেয়াদ শেষ করার পর তিনি দিল্লির পুরুষ ও নারী—উভয় দলের ক্রিকেট পরিচালক পদে দায়িত্ব পালন করেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট 'এসএ-টোয়েন্টি'-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের ভূমিকাও সামলেছেন তিনি। তার পরিচালনায় দলটি চলতি বছরের শুরুতেই টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়।
শিরোপা খরা কাটানোর মূল চ্যালেঞ্জ
নতুন পদে নিয়োগ পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে সৌরভ গাঙ্গুলী বলেন, “আইপিএলে প্রধান কোচের দায়িত্ব নিতে আমি মুখিয়ে আছি। দিল্লি ক্যাপিটালস আমার হৃদয়ের খুব কাছের একটি ফ্র্যাঞ্চাইজি। বছরের পর বছর ধরে এই দলের সঙ্গে আমার শক্ত একটি সম্পর্ক তৈরি হয়েছে। মালিকপক্ষ, ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তাই এই দায়িত্ব আমার জন্য খুবই রোমাঞ্চকর।”
ডাগআউটে নতুন এই ভূমিকা পালনের পাশাপাশি সৌরভ গাঙ্গুলীর প্রধান কাজ হবে দলকে অধরা শিরোপা এনে দেওয়া। আইপিএলের মূল আটটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসই এখন পর্যন্ত কাঙ্ক্ষিত শিরোপার মুখ দেখেনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











