দেশ ছাড়লেও মেলেনি নিস্তার, ক্রমাগত সাইবার বুলিং ও হয়রানির শিকার মান্দানা করিমি

০১ সেপ্টেম্বর ২০২৬ - ১৮:৩৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশ ছাড়লেও মেলেনি নিস্তার, ক্রমাগত সাইবার বুলিং ও হয়রানির শিকার মান্দানা করিমি
ছবি সংগৃহীত

বিচ্ছেদের পর ছয় বছরেরও বেশি সময় ধরে ক্রমাগত সাইবার বুলিং ও স্টকিংয়ের শিকার হচ্ছেন ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী ও সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী মান্দানা করিমি। নিরাপত্তা শঙ্কায় ভারত ছেড়ে অন্য দেশে পাড়ি জমানোর পরও এই মানসিক ও অনলাইন হয়রানি থামেনি বলে অভিযোগ করেছেন তিনি।

​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও বার্তা প্রকাশ করে নিজের এই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন মান্দানা। তিনি জানান, এক অজ্ঞাত ব্যক্তি নিয়মিত তাঁর সহ-অভিনেতা ও প্রযোজকদের কাছে বিভ্রান্তিকর ই-মেইল পাঠাচ্ছেন। কেবল অপপ্রচারই নয়, ওই ব্যক্তি তাঁদের কাছে অর্থও দাবি করছেন। এই হয়রানির নেপথ্যে কে রয়েছেন এবং কেন তাঁকে লক্ষ্য বানানো হচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

​মান্দানা জানান, প্রায় চার বছর আগে বিষয়টি উদঘাটনের জন্য তিনি একজন বিশেষজ্ঞ নিয়োগ করেছিলেন। তখন জানতে পারেন, কোনো এক ব্যক্তি একজন পেশাদার হ্যাকারকে অর্থ দিয়ে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নজরদারিতে নিয়োজিত রেখেছেন। হয়রানির প্রমাণস্বরূপ কিছু তথ্যও তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁর নামে কোনো ই-মেইল পেলে টাকা না দেওয়ার জন্য সবাইকে সতর্ক করেন এবং ই-মেইলের স্ক্রিনশট তাঁর কাছে পাঠাতে অনুরোধ জানান।

​ব্যক্তিগত জীবনে ২০১৭ সালে মুম্বাইয়ের ব্যবসায়ী গৌরব গুপ্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মান্দানা। আদালত ও ধর্মীয় আচার মেনে সম্পন্ন হওয়া সেই সংসার ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে রূপ নেয়। পরবর্তীতে রিয়েলিটি শো ‘লক আপ’-এ অংশ নিয়ে দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন ও সাবেক স্বামীর পরকীয়া নিয়ে কথা বলেছিলেন তিনি।

​দীর্ঘ ১৬ বছর ভারতে বসবাসের পর চলতি বছরের মে মাসে নিরাপত্তার অভাব এবং সামাজিক-রাজনৈতিক অবস্থান প্রকাশের পর পাওয়া হুমকির কারণে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। তবে নতুন দেশে নতুন জীবন শুরু করলেও পুরোনো এই সাইবার হয়রানি তাঁর পিছু ছাড়েনি। উল্লেখ্য, মান্দানাকে সর্বশেষ নেটফ্লিক্সের সিনেমা ‘থার’-এ অভিনয় করতে দেখা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0