বিয়ের তারিখ ভুললে উড়ে আসতে পারে জুতো: কেবিসিতে স্বামীদের মজার সতর্কবার্তা অমিতাভের
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে দাম্পত্য জীবনের অভিজ্ঞতা রয়েছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের। দীর্ঘ এই অভিজ্ঞতা থেকেই সম্প্রতি বিবাহিত পুরুষদের বিশেষ পরামর্শ ও সতর্কবার্তা দিলেন তিনি। জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) এক পর্বে স্বামীদের উদ্দেশ্যে বিগ বি জানান, অন্য যেকোনো তথ্য বা তারিখ ভুলে গেলেও বিয়ের তারিখ কোনোভাবেই ভোলা যাবে না।
অনুষ্ঠানে রসিকতার ছলে অমিতাভ বচ্চন বলেন, “সব বিবাহিতদের উদ্দেশ্যে আমার একটি বিশেষ বক্তব্য রয়েছে, মনোযোগ দিয়ে শুনুন। আপনারা হয়তো জীবনের অন্য সব তারিখ ভুলে যেতে পারেন, কিন্তু বিয়ের দিনটি কখনোই ভুলবেন না। এটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি দিন। স্ত্রীদের একটি অভ্যাস থাকে বারবার জিজ্ঞেস করার—‘আমাদের বিয়ে কবে হয়েছিল মনে আছে?’”
হাস্যরসের সুরে তিনি আরও যোগ করেন, বিবাহিত পুরুষেরা যদি ভুলবশত এই তারিখটি ভুলে যান, তবে তাদের দিকে জুতো কিংবা চপ্পল উড়ে আসতে পারে।
‘কৌন বনেগা ক্রোড়পতি’র একই পর্বে এক প্রতিযোগী অমিতাভ বচ্চনের কাছে জানতে চান, রাতের খাবারের সময় জয়া বচ্চন কি তার জন্য অপেক্ষা করেন?
এর জবাবে অমিতাভ জানান, কাজের ব্যস্ত সূচির কারণে যাতে পরিবার সমস্যায় না পড়ে, সে জন্য তিনি পরিবারকে সব সময় অবহিত রাখেন। নিজের ঘরোয়া নিয়মের কথা প্রকাশ করে তিনি বলেন, “সকালে ঘুম থেকে উঠেই পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে জোরহাত করে ‘নমস্কার’ লিখে মেসেজ পাঠাই। এরপর আমার শুটিংয়ের সময়সূচী জানিয়ে দিই। যেদিন ফিরতে দেরি হবে বলে মনে হয়, সেদিন আগেই বলে দিই যেন কেউ রাতের খাবারের জন্য আমার অপেক্ষা না করে।”
উল্লেখ্য, অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানটি দর্শকমহলে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয়। তার গম্ভীর কণ্ঠস্বর, কুইজের প্রশ্ন এবং প্রতিযোগীদের সঙ্গে এমন হালকা ছলের কথাবার্তা ও রসিকতা পুরো অনুষ্ঠানটিকে বেশ আকর্ষণীয় করে তোলে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











