এশিয়ান গেমস ২০২৬: সরাসরি নকআউট পর্বে বাংলাদেশ, ড্র ও সূচি প্রকাশ
জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেটে বাড়তি সুবিধা পাচ্ছে দক্ষিণ এশিয়ার চার ক্রিকেট শক্তি। টুর্নামেন্টের পুরুষ বিভাগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে অংশ নেবে। ফলে পদক জয়ের লড়াইয়ে শুরুতেই সুবিধাজনক অবস্থানে থাকছে টাইগাররা। অপরদিকে, মূল পর্বে উঠতে বাকি দলগুলোকে প্রাথমিক রাউন্ডের বাধা অতিক্রম করতে হবে।
সম্প্রতি পুরুষ ও নারী—উভয় বিভাগের টুর্নামেন্টের ড্র ও গ্রুপভিত্তিক সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, পুরুষদের বিভাগে মোট ১০টি দল এবং নারীদের বিভাগে ৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
পুরুষদের আসরে প্রথম পর্বে ছয়টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে মাঠে নামবে। গ্রুপ ‘এ’-তে স্থান পেয়েছে আফগানিস্তান, নেপাল ও স্বাগতিক জাপান। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে লড়াই করবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ দুই দল শেষ আটে উত্তীর্ণ হবে। পরবর্তীতে নকআউট পর্বে তারা মুখোমুখি হবে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার। পুরুষদের এই ইভেন্টটি আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১ অক্টোবর পর্যন্ত।
অন্যদিকে, নারীদের প্রতিযোগিতা সরাসরি কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়েই শুরু হতে যাচ্ছে। কোয়ার্টার ফাইনালের নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ মুখোমুখি হবে চীনের। অন্যান্য ম্যাচে ভারত লড়বে জাপানের বিরুদ্ধে, শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তান মুখোমুখি হবে থাইল্যান্ডের। নারীদের এই ইভেন্টটি আয়োজিত হবে ১৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
জাপানের নাগোয়ায় অনুষ্ঠিতব্য পুরুষ ও নারী—দুই বিভাগের সব ম্যাচই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে। উল্লেখ্য, ২০২৩ সালে অনুষ্ঠিত সর্বশেষ এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টের পুরুষ ও নারী—উভয় বিভাগেই স্বর্ণপদক জয় করেছিল ভারত।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











