রাষ্ট্রপতির পদত্যাগের জোরালো গুঞ্জন: ‘সরকারের কোনো পদক্ষেপ নেই’ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ করা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। তিনি শিগগিরই পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বিষয়টি পুরোপুরি গুঞ্জন উল্লেখ করে বলেছেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আলোচনা উঠে আসে যে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব ছাড়তে পারেন এবং নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি ঘটনা হয়, তবে আমরাও দেখব।" গণমাধ্যমে আসা খবরের বিষয়ে জানতে চাইলে তিনি রাষ্ট্রপতিকে সরাসরি জিজ্ঞেস করার পরামর্শ দেন।
রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক কাঠামোর কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে দায়িত্ব ছাড়তে চান, তবে তার সেই সাংবিধানিক সুযোগ বা অপশন রয়েছে। তিনি বলেন, "সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। তবে এ ব্যাপারে সরকারের কাছে এখন পর্যন্ত কোনো বার্তা নেই এবং সরকারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।"
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











