রাজধানীর পল্লবী থানায় সংসদ সদস্য গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

২২ জুলাই ২০২৬ - ২৩:৩২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাজধানীর পল্লবী থানায় সংসদ সদস্য গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী থানায় মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে মঙ্গলবার (২১ জুলাই) মামলাটি করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আমিনুর রহমান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।

​বুধবার (২২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গ্রেপ্তারকৃত আসামি আমিনুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) রাকিবুল হুদা আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই আদেশ দেন এবং আগামী ২৪ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেন। প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

​মামলার অন্যান্য আসামিরা হলেন—মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার ‘রোজগার্ডেন টাওয়ার’-এ তার বোনের বাসায় থেকে এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন। সম্পর্কের সুবাদে ওই বাসায় এমপির যাতায়াত ছিল। একপর্যায়ে এমপির সঙ্গে বাদীর ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে উঠলে ওবায়দুর তার পরিবারকে বিষয়টি জানান এবং সংসদ সদস্যকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে এমপি তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​পরবর্তী সময়ে একটি চক্রের কাছে এমপি ও তার ভাগ্নির কিছু বিতর্কিত ভিডিও পৌঁছালে, তিনি সন্দেহ করেন যে ওবায়দুরই এসব গোপন দৃশ্য ধারণ করে তা বাইরে ছড়িয়ে দিয়েছেন। এই ক্ষোভ থেকে গত ১৪ জুলাই বেলা ১১টার দিকে নজরুল ইসলামের নির্দেশে আসামিরা ওবায়দুরের ওপর হামলা চালায়। আসামি আমিনুর রহমান তাকে কৌশলে ড্রয়িংরুমে ডেকে নিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন এবং ফ্লোরে ফেলে গলা টিপে হত্যার চেষ্টা চালান। বাদীর মা তাহমিনা ও ছোট বোন মীম এগিয়ে এসে চিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0