অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপের তফসিল আগস্টেই: ইসি

২২ জুলাই ২০২৬ - ২০:৪০
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপের তফসিল আগস্টেই: ইসি
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি:সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যকে কাজে লাগিয়ে আগামী অক্টোবর মাস থেকে দেশজুড়ে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে চলতি জুলাই অথবা আগামী আগস্ট মাসের মধ্যেই প্রথম পর্বের নির্বাচনী তফসিল প্রকাশ করা হতে পারে।

​বুধবার (২২ জুলাই) বিকেলে শেরেবাংলা নগরের নির্বাচন ভবন কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

​ইসি কমিশনার জানান, যেসকল এলাকায় দীর্ঘ দিন ধরে জনপ্রতিনিধি অনুপস্থিত রয়েছে এবং যেসব প্রতিষ্ঠানের আইনি মেয়াদ ইতোমধ্যে পার হয়ে গেছে, সেগুলোকে প্রথম ধাপের ভোটাভুটিতে প্রাধান্য দেওয়া হবে। এছাড়া স্থানীয় পর্যায়ের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে সুবিধাজনক স্থানে প্রয়োজনে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন একই সময়ে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে বর্তমান ব্যবস্থাপনায় প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ কেবল জাতীয় নির্বাচনেই সীমাবদ্ধ থাকছে, স্থানীয় নির্বাচনে এই সুবিধা থাকছে না।

​নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার শর্ত নির্দিষ্ট করার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, কমিশন এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে আদালতের বিভিন্ন পর্যবেক্ষণ এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সংশ্লিষ্ট আইনি কাঠামো খতিয়ে দেখে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

​প্রস্তাবিত আইন সংশোধনের প্রক্রিয়ার কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই উল্লেখ করে আনোয়ারুল ইসলাম স্পষ্ট করেন যে, বিদ্যমান আইনি কাঠামোর ভেতরেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব। মূলত জাতীয় নির্বাচনে অর্জিত অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের অস্পষ্টতা দূর করতেই কিছু পর্যবেক্ষণসহ আইন সংশোধনের খসড়া পাঠানো হচ্ছে। আইন সংশোধন হলে সেই নতুন বিধান অনুযায়ী, অন্যথায় প্রচলিত আইনেই নির্ধারিত সময়ে ভোট নেওয়া হবে।

​কমিশনের নির্বাচনী আচরণবিধিমালা পরিমার্জনের কাজ প্রায় শেষপর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, চূড়ান্ত অনুমোদনের জন্য তা খুব শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। একই সঙ্গে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা রোধে কঠোর নজরদারি জোরদার এবং সিটি কর্পোরেশনের প্রশাসকদের নির্বাচনে প্রার্থী হওয়া সংক্রান্ত বর্তমান আইনি অস্পষ্টতাও দূর করার আশ্বাস দেন এই নির্বাচন কমিশনার।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0