ইউপি চেয়ারম্যান পদের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রির বাধ্যবাধকতা চেয়ে হাইকোর্টের রুল

২২ জুলাই ২০২৬ - ১৪:১৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইউপি চেয়ারম্যান পদের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রির বাধ্যবাধকতা চেয়ে হাইকোর্টের রুল
হাইকোর্ট : ছবি :সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থী হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক কেন নির্ধারণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান পদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না থাকাকে কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না—তাও জানতে চাওয়া হয়েছে।

​সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে আগামীতে রুলের জবাব দিতে বলা হয়েছে।

​রিটকারী আইনজীবীদের একজন, সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান জানান, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী একজন চেয়ারম্যানকে গ্রাম আদালত পরিচালনাসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি গ্রাম আদালতে তিন লাখ টাকা পর্যন্ত মূল্যের বিরোধ ও মামলা নিষ্পত্তি করতে পারেন। যেখানে একই রকমের বিচারিক ক্ষমতা প্রয়োগের জন্য একজন বিচারককে স্নাতক ডিগ্রি অর্জনের পর বিজেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসতে হয়, সেখানে ইউপি চেয়ারম্যানদের জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নেই। এই বৈষম্য দূর করতে ও জনস্বার্থ বিবেচনায় আইনে যোগ্যতা স্নাতক করার নির্দেশনা চেয়ে তারা এই রিট দায়ের করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0