২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমে সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা
আগামী ২০২৭ সালের হজ পালনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজ প্যাকেজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সরকার। নতুন এই প্যাকেজে বিগত বছরের তুলনায় হজ ফ্লাইটের বিমান ভাড়া কমায় সার্বিক খরচ উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী প্যাকেজের মাধ্যমে সর্বনিম্ন ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকায় হজ পালন করা সম্ভব হবে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এই হজ প্যাকেজ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারিভাবে এবার দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘প্যাকেজ-১’ (উন্নত সুবিধা)-এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজের অধীনে হজযাত্রীরা মক্কায় হারাম শরিফ থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনার মারকাজিয়া এলাকায় অবস্থান করবেন। এছাড়া মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা, পরিবেশনকৃত খাবারসহ সৌদি আরবে ৩৫ থেকে ৪০ দিন অবস্থানের সুযোগ থাকবে। চাহিদানুযায়ী অতিরিক্ত অর্থ প্রদান করে স্বল্পমেয়াদি অবস্থান বা রুম আপগ্রেডের সুযোগও রাখা হয়েছে।
অন্যদিকে, ‘প্যাকেজ-২’ (সাশ্রয়ী)-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এই সুবিধার আওতায় মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে থাকার ব্যবস্থা করা হবে। হোটেল দুই কিলোমিটারের চেয়ে বেশি দূরে হলে যাতায়াতের জন্য বিনামূল্যে সালাওয়াত বাসের সুবিধা পাবেন হজযাত্রীরা।
এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে সর্বোচ্চ ৩ কিলোমিটার এবং মদিনায় ১ কিলোমিটারের মধ্যে আবাসন নিশ্চিত করতে হবে। এজেন্সিগুলো চাইলে সরকারি প্যাকেজ-২ এর চেয়ে উন্নত সুবিধা দিয়ে নিজস্ব অতিরিক্ত তিনটি প্যাকেজ ঘোষণা করতে পারবে, তবে এর চেয়ে নিম্নমানের সেবা দেওয়া যাবে না।
ধর্মমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী হজ ব্যবস্থাপনাকে সাশ্রয়ী ও সহজলভ্য করার প্রতিশ্রুতি বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এবার হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের চেয়ে ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে। তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, ২০২৩ সালে এই বিমান ভাড়া ছিল প্রায় ২ লাখ টাকা, যা পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আমলে ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়েছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











