জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয়, রিজার্ভের ওপর চাপ বাড়ার কথা জানালেন জ্বালানিমন্ত্রী
বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আন্তর্জাতিক বাজারে যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানির খরচ বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যয়ের পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত ‘উন্নয়নের কণ্ঠস্বর’ শীর্ষক এক কর্মশালায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে জ্বালানিমন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, আগের সরকার সমুদ্রসীমা জয় করলেও সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চল থেকে জ্বালানি সম্পদ আহরণে কার্যকর কোন পদক্ষেপ নিতে পারেনি। এতে পিছিয়ে পড়েছে বাংলাদেশ, অথচ আশপাশের প্রতিবেশী দেশগুলো এই খাতে অনেকটা এগিয়ে গেছে।
তিনি আরও জানান, একটি সমাজকল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানি খাতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখে সরকার ১০ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করছে। একইসঙ্গে ব্যক্তিগত ও বাণিজ্যিক ক্ষেত্রে সৌরবিদ্যুতের প্রসার ঘটাতে সর্বশেষ বাজেটে কর সংক্রান্ত সুবিধা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র গঠনের যে দূরদর্শী উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে জ্বালানি খাতের টেকসই উন্নয়ন বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











