ভারি বৃষ্টি ও উজানের ঢলে ফের তিস্তার পানি বৃদ্ধি, ডালিয়ায় ব্যারাজের ৪৪টি কপাট খোলা
ভারি বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলের কারণে তিস্তা নদীতে পানি প্রবাহ আবারও হু-হু করে বাড়ছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পানির বাড়তি চাপ সামলাতে তিস্তা সেচ ব্যারাজের ৪৪টি জলকপাটই একযোগে খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশন সূত্রের তথ্যমতে, সোমবার (২০ জুলাই) সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানির সমতল রেকর্ড করা হয় ৫২.১০ মিটার। এলাকাটিতে নদীর বিপৎসীমা ৫২.১৫ মিটার হওয়ায় পানি বর্তমানে বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে একই দিন সকাল ৬টাতেও পানির উচ্চতা এই একই স্তরে পরিমাপ করা হয়েছিল।
পাউবোর ডালিয়া ডিভিশনের তিস্তা নদীর পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, সকাল থেকেই নদীর পানি বৃদ্ধির ধারা অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, তিস্তায় যেভাবে পানি বাড়ছে, তাতে তা যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের সবগুলো জলকপাট খুলে দেওয়া হয়েছে এবং সার্বিক পরিস্থিতি গভীরভাবে নজরদারিতে রাখা হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











