স্থল নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন অঞ্চলে সৃষ্ট স্থল নিম্নচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ উদ্ভূত পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৪ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার এই অবস্থা আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ছড়িয়ে পড়ার পাশাপাশি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে।
তবে নিম্নচাপের সরাসরি প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দর এবং বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে।
এ কারণে উত্তর বঙ্গোপসাগরে চলাচলরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবস্থানরত সকল নৌযানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছে আবহাওয়া দপ্তর।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











