আবুধাবি টেস্টে লিটন দাসের টানা ফিফটি, আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক

১২ অক্টোবর ২০২৬ - ১৪:১১
প্রকাশিত: ৫৮ মিনিট আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আবুধাবি টেস্টে লিটন দাসের টানা ফিফটি, আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক
ছবি: সংগৃহীত

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে দারুণ ফর্মে ফিরেছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাস। সিরিজের প্রথম ইনিংসে ৫৩ রান করার পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের বিশেষ মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা ব্যাটার।

​ম্যাচের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে আগের দিনের ৫ রানের সঙ্গে আরও ১৩ রান যোগ করেন লিটন। ইনিংসের ৭৬তম ওভারের শেষ বলে জিয়া উর রহমানের ডেলিভারিতে সিঙ্গেল নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি। এর মাধ্যমে পঞ্চম বাংলাদেশি ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন লিটন। দেশের হয়ে এর আগে এই মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

​ইনিংসে ব্যাট করার সময় অবশ্য কিছুটা ভাগ্যও সহায়তা করেছে লিটনকে। ব্যক্তিগত ১৪ ও ২৬ রানে জীবন পান তিনি। দুই দফায়ই বোলার ছিলেন কায়েস আহমেদ। প্রথমবার স্লিপে সহজ ক্যাচ হাতছাড়া করেন ফিল্ডার কামাল, আর দ্বিতীয়বার নিজের বলে নিজেই ক্যাচ ধরতে ব্যর্থ হন কায়েস। দুবার জীবন পাওয়ার সুযোগটি কাজে লাগিয়ে ৬১ বলেই টানা দ্বিতীয় ইনিংসে ফিফটির দেখা পান ডানহাতি এই ব্যাটার। সুযোগ পেলেই দারুণ শটে বাউন্ডারি আদায় করে নেন তিনি।

​টেস্ট ফরম্যাটে লিটনের মোট রান এখন ৩৪০৯, যেখানে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরি। এছাড়া ওয়ানডে ফরম্যাটে ৫টি সেঞ্চুরি ও ১৪টি ফিফটির সাহায্যে তার সংগ্রহ ২৮৬৯ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ ১২৪ ম্যাচ খেলে ২৭০৪ রান করেছেন লিটন, যেখানে কোনো সেঞ্চুরি না থাকলেও ১৬টি ফিফটি রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0