সুদানে বাস্তুচ্যুত শিবিরে আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা, নিহত ৪১

১২ অক্টোবর ২০২৬ - ১০:২৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সুদানে বাস্তুচ্যুত শিবিরে আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা, নিহত ৪১
ছবি: সংগৃহীত

সুদানের ইথিওপিয়া সীমান্তবর্তী ব্লু নাইল অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) এক ড্রোন হামলায় অন্তত ৪১ জন প্রাণ হারিয়েছেন। সম্প্রতি আবু শান্দি এলাকায় গৃহহীন ও বাস্তুচ্যুত মানুষের এক আশ্রয়শিবিরে এ হামলা চালানো হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি সূত্রে জানা গেছে।

​মানবাধিকার বিষয়ক সংস্থা ‘ইমার্জেন্সি ল’ইয়ার্স’ নিশ্চিত করেছে যে, এই প্রাণঘাতী ড্রোন হামলাটি পরিচালনা করেছে আধাসামরিক বাহিনী আরএসএফ। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক দপ্তর (ওচা) এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তথ্যানুযায়ী হামলায় হতাহতদের বড় অংশই নারী ও শিশু। সংস্থাটি এই ভয়াবহ হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি সতর্ক করেছে যে, গত কয়েক সপ্তাহ ধরে চলা ধারাবাহিক সামরিক অভিযানের কারণে সীমান্তবর্তী এলাকাটি থেকে হাজার হাজার সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।

​উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সুদান সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে অভ্যন্তরীণ ক্ষমতা দখলের সহিংস লড়াই চলমান রয়েছে। গত এক বছরেরও বেশি সময় ধরে চলা এই রক্তাক্ত সংঘাতে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। বর্তমানে দেশটির পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও পশ্চিমাঞ্চলীয় দারফুর ও দক্ষিণের বেশ কিছু এলাকা আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষই প্রতিপক্ষের বিরুদ্ধে ড্রোন ও ভারী অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0