পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ

১১ অক্টোবর ২০২৬ - ২০:১৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

স্বাগতিক পাকিস্তানকে ৩২ রানের ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ মেয়েদের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সাদিয়া ইসলামের দল দুর্দান্ত জয় তুলে নেয়। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে পরাজয় দেখলেও পাকিস্তানের বিপক্ষে তিনবারের দেখায় প্রতিটিতেই জয় পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

​টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই হোঁচট খায় দল, রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার অচেনা জান্নাত। তবে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় দল। নিশিতা আক্তার নিশি করেন ২০ রান। এছাড়া শিরিনা খাতুন ৩২ রান করে রিটায়ার্ড আউট হন। ইনিংসের শেষ দিকে অধিনায়ক সাদিয়া ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ। মাত্র ২৮ বলে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে শাহার বানু, মাহনুর জাইব এবং রোজিনা আক্তার প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।

​জবাবে ব্যাট করতে নেমে ভালো সূচনা করেছিল পাকিস্তানও। ওপেনার রাভাইল ফারহান ২৬ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। তবে এরপর বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে টিকতে পারেননি স্বাগতিক দলের অন্য ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় শেষ পর্যন্ত ৯ উইকেটে ১০৪ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।

​বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন ফারজানা ইয়াসমিন মেধা, যিনি সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। এছাড়া নিশিতা আক্তার নিশি দুটি এবং আফরিন মিম, জান্নাতুল ফেরদৌস ও তিথি দাস অপর্ণা একটি করে উইকেট দখল করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0