অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, তবুও সিরিজ খোয়াল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে টানা দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিক অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলকে ৯ উইকেটের ব্যবধানে পরাজিত করে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে। এর আগে প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিল অজিরা।
খেলতে নেমে শুরুতেই বড় বিপর্যয়ে পড়েছিল টাইগ্রেসরা। মাত্র ৮ রান তুলতেই হারিয়ে বসেছিল শীর্ষ ৩ উইকেট। তবে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে সফরকারীদের খেলায় ফেরান সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুইজনের দায়িত্বশীল ও রেকর্ড গড়া ১৯৫ রানের জুটিতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রানের পুঁজি পায় বাংলাদেশ। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের দলগত স্কোর।
ম্যাচে ১৩৪ বলে ১১৮ রানের এক চমকপ্রদ ইনিংস খেলেন সোবহানা মোস্তারি। ১২৩ বলে নিজের শতক পূর্ণ করার মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো প্রথম বাংলাদেশী নারী ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেন। ১৮টি চারে সাজানো এই শতকটি যেকোনো ফরম্যাটে কোনো বাংলাদেশী নারী ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। অপর প্রান্তে ৭টি চারে ১১৪ বলে ৭৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন অধিনায়ক জ্যোতি।
২২১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিক অস্ট্রেলিয়া তা হাসিমুখেই টপকে যায়। ওপেনার জর্জিয়া ভোলের অপরাজিত ১৩১ রান (৯৭ বল) এবং ফোবি লিচফিল্ডের ৭০ রানের ভরপুরে ২৮.১ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। ম্যাচে ১টি উইকেট তুলে নেন বাংলাদেশের স্বর্ণা আক্তার। দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন ভোল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











