জিবুতি উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি: ১৫ শিশুসহ প্রাণ হারালেন ১০৯ জন
পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলীয় এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জনের করুণ মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। নৌকাটিতে মোট ৩০৫ জন যাত্রী ছিলেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) নিশ্চিত করেছে এই তথ্য।
আইওএম সূত্রে জানা গেছে, জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হওয়ার পর গত বৃহস্পতিবার রাত কিংবা শুক্রবার সকালে সান্ধ্যকালীন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নৌকাটি উল্টে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫২ জন পুরুষ, ৪২ জন নারী ও ১৫ শিশু রয়েছে। উদ্ধার অভিযানে এ পর্যন্ত ৮০ জনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ১১৬ জন।
সংস্থাটি জানায়, অর্থনৈতিক স্বচ্ছলতা ও নিরাপদ জীবনের তাগিদে হর্ন অব আফ্রিকা অঞ্চল থেকে হাজার হাজার মানুষ প্রতিবছর জিবুতির উপকূল ধরে বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করে উপসাগরীয় দেশগুলোর দিকে ছোট ছোট নৌকায় যাত্রা করেন। ইয়েমেনে চলমান অস্থিরতা ও সংঘাত সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে এই পথ ব্যবহারের প্রবণতা কমেনি।
জিবুতিতে নিযুক্ত আইওএমের মিশন প্রধান আলেক্সান্দ্রে কোয়েসাক ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, উন্নত ভবিষ্যতের খোঁজে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ বেছে নিয়ে মানুষ যেভাবে অনাকাঙ্ক্ষিত অকালমৃত্যুর মুখে পড়ছে, এই দুর্ঘটনা তারই এক করুণ উদাহরণ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











