নেপালের গোরখায় আকস্মিক বন্যা: ভেসে গেছে অন্তত ৪০টি ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত সেতু ও বিদ্যুৎ কেন্দ্র

১১ অক্টোবর ২০২৬ - ২০:৩৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নেপালের গোরখায় আকস্মিক বন্যা: ভেসে গেছে অন্তত ৪০টি ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত সেতু ও বিদ্যুৎ কেন্দ্র
ছবি সংগৃহীত

নেপালের মধ্যাঞ্চলীয় গোরখা জেলায় বুধি গণ্ডকি নদীতে হঠাৎ আকস্মিক বন্যার সৃষ্টি হয়ে ৩৫ থেকে ৪০টি ঘরবাড়ি ভেসে গেছে। রোববার (১১ অক্টোবর) ভোরে ঘটে যাওয়া এ দুর্যোগে নদী তীরবর্তী এলাকার বহু বাড়িঘর, একটি সংযোগ সেতু ও স্থানীয় জলবিদ্যুৎ প্রকল্পের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

​নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধি গণ্ডকি নদীর পানি তীব্র গতিতে বৃদ্ধি পাওয়ায় চুমনুব্রি ও ধারচে গ্রামীণ পৌরসভা অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নদীসংলগ্ন কয়েকটি লোকালয় পানিতে তলিয়ে গেছে এবং আশপাশের আরও অনেক বসতবাড়ি নদীভাঙন ও প্লাবনের ঝুঁকিতে রয়েছে।

​নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং জানিয়েছেন, বানের তোড়ে চুমনুব্রি-৩ এলাকার ফিলিম বাজার ও ন্যকচেটের মধ্যবর্তী সংযোগ সেতুটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দুর্গম অঞ্চলে পরিস্থিতি সামাল দিতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এসব হেলিকপ্টারের সাহায্যে ঝুঁকিপূর্ণ স্থানের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পাশাপাশি জরুরি ত্রাণসামগ্রী পৌঁছানো ও উদ্ধার তৎপরতা পরিচালনা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন, নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনী যৌথভাবে এ উদ্ধার অভিযানে কাজ করছে।

​গোরখা জেলার চিফ ডিস্ট্রিক্ট অফিসার (সিডিও) ধর্মেন্দ্র কুমার মিশ্র জানান, প্রাথমিক তথ্যানুযায়ী সিউরিবাস এলাকার উজান অংশে পাহাড়ধসের সূত্র ধরে এই আকস্মিক বন্যার উৎপত্তি হতে পারে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ ও বন্যার প্রকৃত কারণ বের করতে তদন্ত জোরদার করা হয়েছে। যেকোনো সম্ভাব্য বিপর্যয় এড়াতে বুধি গণ্ডকি নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের মাইকিংয়ের মাধ্যমে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে কর্তৃপক্ষ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0