প্রবীণ চিত্রনায়িকা নাসিমা খান আর নেই

১২ অক্টোবর ২০২৬ - ১০:৩৮
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
প্রবীণ চিত্রনায়িকা নাসিমা খান আর নেই
ছবি সংগৃহীত

বাংলা ও উর্দু চলচ্চিত্রের সোনালী যুগের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

​রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার লুবানা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

​বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই প্রবীণ অভিনেত্রী। গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত উত্তরার লুবানা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান।

​১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন নাসিমা খান। তার পৈতৃক নিবাস মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে। তার বাবা মোহাম্মদ মাসুদ খান ছিলেন একজন ব্যবসায়ী। পারিবারিক সূত্রে ছোটবেলা থেকেই তিনি সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন। আনোয়ার হোসেন, হাসান ইমাম, রহমান, গোলাম মুস্তাফা ও আজিমদের মতো গুণী অভিনেতাদের সঙ্গে বড় পর্দায় কাজ করেছেন তিনি।

​১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে নাসিমা খানের। এরপর ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। ঢাকার পাশাপাশি তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরের চলচ্চিত্রেও তিনি বিশেষ সুনাম অর্জন করেছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘ম্যায় ভি ইনসান হু’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’। এ ছাড়া লাহোরে নির্মিত ‘নয়ি লায়লা নয়া মজনু’ (১৯৬৯), ‘গীত কাহিঁ সংগীত কাহিঁ’ (১৯৬৯), ‘আঁসু বন গয়ে মোতি’ (৭০) ও ‘রোড টু সোয়াত’ (১৯৭১) সিনেমায় তিনি অভিনয় করেন।

​স্বাধীনতার পর দীর্ঘ সময় রুপালি পর্দা দূরে থাকলেও পরবর্তী সময়ে টেলিভিশন উপস্থাপনার মাধ্যমে আবারও ক্যামেরার সামনে ফেরেন তিনি। জীবনের শেষভাগে এসে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের ‘কুসুম কুসুম প্রেম’ চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করেছিলেন এই প্রবীণ শিল্পী।

​তার মৃত্যুতে শোবিজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতা ওমর সানি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রবীণ এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0