সুন্দরবনে বিশেষ অভিযান: ১৪টি আগ্নেয়াস্ত্র ও সাতটি ওয়াকিটকিসহ বিপুল গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে জলদস্যুমুক্ত ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।
সোমবার (১২ অক্টোবর) এসআরবি-৬ স্পেশাল কোম্পানির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের সার্বিক তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুন্দরবনের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভর করে জীবন-জীবিকা নির্বাহ করেন প্রায় ২৫ লাখ জেলে, বাওয়ালি ও মৌয়াল। দীর্ঘদিন ধরে উপকূলীয় এলাকায় সক্রিয় দস্যু বাহিনীর অপহরণ ও চাঁদাবাজির কারণে বনজীবীদের সুরক্ষা হুমকির মুখে পড়েছিল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়মিত দস্যুবিরোধী তৎপরতা চালাচ্ছে এসআরবি ফোর্সেস।
প্রাসঙ্গিক সংবাদ
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর সুন্দরবনে সক্রিয় 'আলিফ বাহিনী'র দুটি পৃথক দলের ১৫ জন সদস্য এসআরবি-৬-এর কাছে আত্মসমর্পণ করেন। তাঁদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে বনের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি শটগান, চারটি দোনলা বন্দুক, নয়টি ওয়ান শুটারগান, ২৭৪ রাউন্ড তাজা গুলি, ২৩টি খালি কার্তুজ, সাতটি ওয়াকি-টকি সেট এবং ছয়টি বুলেটপ্রুফ জ্যাকেট জব্দ করা হয়।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সুন্দরবনে এখনো সক্রিয় থাকা অপরাধীদের অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। যাঁরা আত্মসমর্পণ করবেন, তাঁদের আইনি সহায়তা ও সার্বিক সহযোগিতা দেওয়া হবে। তবে অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। উপকূলীয় জনপথ ও বনজীবীদের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











