খুলনার রূপসায় ইটভাটায় ঢুকে যুবদল কর্মী ফখরুলকে গুলি করে হত্যা

১২ আগস্ট ২০২৬ - ১৪:৪৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
খুলনার রূপসায় ইটভাটায় ঢুকে যুবদল কর্মী ফখরুলকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।

​মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামে অবস্থিত ‘মেসার্স রূপসা ব্রিকস’ নামের একটি ইটভাটায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত ফখরুল শেখ রূপসা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা এবং রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন। বর্তমানে তিনি যুবদলের সক্রিয় কর্মী হিসেবে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ফখরুলের দুটি কন্যাসন্তান রয়েছে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদের নিজেদের। বিভিন্ন সময় ভাটায় চুরি হওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে তিনি মাঝেমধ্যে রাতে পাহারা দিতেন। ঘটনার রাতেও তিনি ইটভাটার ভেতরেই অবস্থান করছিলেন। রাত ১টার দিকে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

​পুলিশ জানায়, ফখরুলের মেজ ভাই ফরহাদ শেখ রাত ১টা ১১ মিনিটের দিকে ছোট ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার খবর পান। ঘটনাস্থলে পৌঁছে তিনি ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, নিহতের শরীরে দুটি গুলির ক্ষত পাওয়া গেছে—একটি ঘাড়ে এবং অন্যটি ডান চোয়ালের নিচ দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বেরিয়ে যায়।

​রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ বাদী হয়ে রূপসা থানায় একটি মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান জোরদার করেছে। তবে হত্যাকাণ্ডের মূল কারণ ও জড়িতদের পরিচয় এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0