রোববার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে সাজসাজ রব

১৪ আগস্ট ২০২৬ - ১৭:১৭
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রোববার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে সাজসাজ রব
প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচি সামনে রেখে আগামী রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ঢাকার বাইরে প্রথমবারের মতো জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অনুষ্ঠান কিশোরগঞ্জে হতে যাচ্ছে। সফরসূচি অনুযায়ী, কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া—এই তিন উপজেলায় দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় অংশ নেবেন তিনি।

​নির্বাচনের পর কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরকে ঘিরে পুরো জেলায় তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি গুছিয়ে এনেছে। জেলা শহর, কটিয়াদী ও পাকুন্দিয়ার প্রধান সড়ক এবং স্থাপনাগুলো পরিচ্ছন্নতার পাশাপাশি সার্কিট হাউসকেও নতুন রূপ দেওয়া হয়েছে। সফরের নিরাপত্তায় নেয়া হয়েছে জোরদার ব্যবস্থা। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেও সৃষ্টি হয়েছে চরম আগ্রহ।

​সফর ঘিরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানান, প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে সর্বস্তরের মানুষের প্রত্যাশা অনেক। এর মাধ্যমে কিশোরগঞ্জের সার্বিক উন্নয়নে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী সড়কপথে কিশোরগঞ্জে পৌঁছাবেন। সকাল ১১টা ৩০ মিনিটে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা ১২টা ৩০ মিনিটে কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনের পর ১টায় কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

​পরবর্তীতে দুপুর ২টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া ঈদগাহ ময়দানে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিরতি শেষে বিকেল ৪টায় পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, এই সফরে সারা দেশের ১৪ জন উদ্যোক্তাকে স্বর্ণপদক প্রদানসহ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ পাইলট প্রকল্পের শুভ সূচনাও করা হবে। সকল কার্যক্রম শেষে সন্ধ্যা ৬টায় তাঁর ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0