রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ উপলক্ষে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনের 'রিটার্নিং কর্মকর্তা' এ এম এম নাসির উদ্দীনের কাছে বিএনপির এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ মনোনয়নপত্র হস্তান্তর করে।
বিএনপির পক্ষ থেকে দুটি পৃথক মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এতে প্রার্থীর জন্য আবশ্যক সম্মতিসূচক স্বাক্ষর, প্রস্তাবক ও সমর্থকের নামসহ আনুষঙ্গিক সব বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে। দুটি মনোনয়নপত্রেই প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে সই করেছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির এক নীতিনির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সর্বসম্মতভাবে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
দলীয় সিদ্ধান্ত ঘোষণার পর বিকেল ২টা ২৩ মিনিটে নির্বাচন ভবনে পৌঁছায় বিএনপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিবুন নবী খান সোহেল এবং জাতীয় সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল, মিঞা নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিঞা ও এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)।
মনোনয়নপত্র গ্রহণের সময় সিইসি এ এম এম নাসির উদ্দীনের পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











